স্কুল-কলেজ জাতীয়করণের নামে প্রধানমন্ত্রীর কার্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের নাম ভাঙিয়ে একটি চক্র প্রতারণা করছে বলে অভিযোগ পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের জন্য কোনো প্রতিষ্ঠান যেন কাউকে টাকাপয়সা না দেয়, তার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। এ বিষয়ে তারা একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করতে যাচ্ছে।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার শিক্ষাসচিব সোহরাব হোসাইন প্রথম আলোকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের জন্য কাউকে কোনো টাকাপয়সা দেওয়ার প্রয়োজন নেই। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। কেউ যেন শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের জন্য কাউকে যেন টাকাপয়সা না দেন, এ জন্য আহ্বান জানান তিনি।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, সরকারের নীতি অনুযায়ী দেশের প্রতিটি উপজেলায় একটি করে মাধ্যমিক স্কুল ও একটি কলেজ পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। সম্প্রতি নয়টি কলেজ জাতীয়করণ করা হয়েছে। ইতিমধ্যে একটি চক্র কয়েক শ শিক্ষাপ্রতিষ্ঠানের একটি তালিকা করে সেই তালিকা ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে টাকাপয়সা চাইছে বলে তাদের কাছে অভিযোগ এসেছে।
সম্প্রতি কেরানীগঞ্জের একটি কলেজ থেকে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের একজন প্রশাসনিক কর্মকর্তার পরিচয় দিয়ে জাতীয়করণের জন্য টাকা চাওয়া হয়েছে। বিষয়টি ওই কলেজের একজন শিক্ষক শিক্ষা মন্ত্রণালয়কে জানালে তাঁদের টাকা দিতে নিষেধ করা হয়। এখন এ বিষয়ে সতর্ক করে বিজ্ঞপ্তি জারি সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।