প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মীদের মারামারির ঘটনা ঘটেছে। ছাত্ররা প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মীদের বহনকারী একটি বাস ভাঙচুর করেছেন। ছাত্রদের মারধর থেকে বাঁচতে গিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাসটি দুটি মোটরসাইকেলে ধাক্কা দিলে এর দুই আরোহী আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের সড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় থানা-পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাস্থল কোন থানা এলাকায় পড়েছে, তা নিয়ে ঠেলাঠেলি করছে কাফরুল ও শেরেবাংলা নগর থানা। ট্রাফিক পুলিশও ঘটনাটিকে ‘স্পর্শকাতর’ উল্লেখ করে নাম প্রকাশ করে মন্তব্য করতে রাজি হয়নি।

ঘটনা সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ‘বৈশাখী’ বাসের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হাসান প্রথম আলোকে বলেন, সকালে তাঁদের বহন করা মিরপুর রুটের ‘বৈশাখী’ নামের বাসটি মিরপুর ১৪ নম্বর থেকে ছেড়ে আসে। সোয়া নয়টার দিকে তাঁদের বাসটি আগারগাঁও হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) সামনের মোড়ে এসে সিগন্যালে আটকে পড়ে। এ সময় কয়েকজন ছাত্র বিআইসিসি ও নির্বাচন কমিশনের মাঝের রাস্তার যানবাহন আটকে ওই মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে সিগন্যাল ছাড়তে বলেন। ঠিক এই সময় বিআইসিসি ও নির্বাচন কমিশনের মাঝের রাস্তা হয়ে মোড়ে আসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মীদের বহন করা একটি বাস। এই বাসের চালক ছাত্রদের রাস্তা আটকানোর প্রতিবাদ করেন। এ নিয়ে উভয় পক্ষের কথা–কাটাকাটি হয়।

মঞ্জুরুলের দাবি, কথা-কাটাকাটির একপর্যায়ে এক ছাত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাসের দরজার কাছে গেলে বাসের কয়েকজন ওই ছাত্রকে টান দিয়ে বাসে তোলেন। ওই ছাত্রকে উদ্ধার করতে গিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এর মধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাসটি টান দিয়ে উড়োজাহাজ মোড়ের দিকে যেতে থাকে। পরে ছাত্ররা তাঁদের বাসটি উল্টোপথে নিয়ে উড়োজাহাজ মোড়ে গিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাসটি আটকান। এ সময় আবার মারামারি হয়।

তবে ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা বলেন, বিশ্ববিদ্যালয়ের বাসটি উল্টোপথে আসছিল। বিআইসিসি মোড়ে এলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাসের সঙ্গে ওই বাসের ধাক্কা লাগে। পরে ছাত্ররা প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাসটি ভাঙচুর করেন। ভাঙচুরের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাসটি দ্রুতগতিতে চলে যাওয়ার সময় দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজন আহত হয়েছেন। ছাত্ররা প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাসের বেশ কয়েকটি কাচ ভেঙেছেন এবং চালককে মারধর করেছেন।

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস ভাঙচুরের ঘটনায় মিরপুর রুটে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চলাচল করা বাসটি (বৈশাখী বাস) অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

এ ঘটনায় গতকাল রাত পর্যন্ত কোনো মামলা হয়নি।