প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগ, সংঘর্ষ
ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি বিকৃত করে প্রকাশের অভিযোগে লালমনিরহাটে শ্রমিক লীগ ও শ্রমিক দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার শহরের রেলওয়ে স্টেশন রোডে এ দুই সংগঠনের কার্যালয়ের পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুর হয়। এ সময় পুলিশের তিন কর্মকর্তাসহ উভয় দলের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
জেলা আওয়ামী লীগের নেতাদের অভিযোগ, প্রধানমন্ত্রীর ছবি বিকৃতকারী হারুনের বাড়ি সদর উপজেলার বড়বাড়ির শিবরাম গ্রামে। ওই এলাকায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবীব দুলুর বাড়ি। এলাকাটি বিএনপি প্রভাবিত। বড়বাড়ির ছেলে হারুন বিএনপির সমর্থক বলে তাঁদের ধারণা। আর হারুন উদ্দেশ্যপ্রণোদিতভাবেই প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করেছেন।
জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির বলেন, ‘হারুনকে পুলিশের হাতে তুলে দিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমানকে বলি। নয়তো তাঁদের কার্যালয়ে বিজয় দিবসের কর্মসূচি পালন করতে দিতে পারি না।’
হাফিজুর রহমান বলেন, ‘কেউ যদি প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে দিয়ে থাকে, তবে পুলিশ বা প্রশাসন তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এর সঙ্গে আমাদের কর্মসূচি পালন না করতে দেওয়ার কী সম্পর্ক থাকতে পারে?’
আজ সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ সংঘর্ষ চলাকালে লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সুশান্ত সরকার, লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম ও উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ইটপাথরের ঢিলে আহত হন। অন্য আহত ব্যক্তিরা হলেন স্বেচ্ছাসেবক লীগের শহর শাখার যুগ্ম সম্পাদক সজল মিয়া, সদর উপজেলা যুবলীগের সহসম্পাদক শফিকুল ইসলাম, যুবলীগের সদর কমিটির সদস্য রাশিদুলসহ পাঁচজন। পৌর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম, তাঁতি দলের পৌর শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, বড়বাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুরনবীসহ কমপক্ষে ১০ থেকে ১২ জন।
লালমনিরহাট সদর থানার ওসি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঁচ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছুড়েছে। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, ফেসবুকে হারুন নামের এক ব্যক্তি প্রধানমন্ত্রীর বিকৃত ছবি আপলোড করেছেন, আওয়ামী লীগের পক্ষ থেকে এমন অভিযোগ করা হয়েছে। সার্বিক ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।