প্রধানমন্ত্রীর ব্যঙ্গচিত্র ফেসবুকে দেওয়ায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজন মন্ত্রীর ব্যঙ্গচিত্র ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অপরাধে সৌদিপ্রবাসী স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রামকৃষ্ণপুর গ্রামের এনায়েত উল্লার ছেলে নাছির উদ্দিন (২৬) ও তাঁর স্ত্রী সীমা আক্তার (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, নাছির বেশ কিছুদিন ধরে তাঁর ফেসবুকে প্রধানমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রীর ব্যঙ্গচিত্র পোস্ট ও শেয়ার করছিলেন। খবর পেয়ে গত বুধবার রাত ১০টার দিকে তাঁদের গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে নাছিরকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় নাছির একই ধরনের ব্যঙ্গচিত্র তাঁর স্ত্রীর মুঠোফোনেও আছে বলে জানান। পরে তাঁর স্ত্রী সীমার মুঠোফোন পরীক্ষা করে এর সত্যতা পাওয়া যায়। এ সময় তাঁকেও গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তাঁদের ব্যবহৃত মুঠোফোনও জব্দ করা হয়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে জানান, গ্রেপ্তারের পর নাছির ও সীমার বিরুদ্ধে বুধবার রাতেই মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই দম্পতিকে মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।