প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে সনদ, গ্রেপ্তার ১
বরিশালের উজিরপুর উপজেলায় প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মুক্তিযোদ্ধা সনদ জমা দেওয়ার ঘটনায় গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ আটক ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে গত শনিবার ওটরা ইউনিয়নের অনলাইনে আবেদন করা ৫৪ জনের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়। ইউনিয়নের যোগীরকান্দা গ্রামের আবদুল গফুর হাওলাদার ২০১৩ সালে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা হওয়ার জন্য আবেদন করেন। ২০১৪ সালে তিনি মারা যান। শনিবার বেলা সাড়ে তিনটায় মৃত গফুরের ছেলে রাসেল হাওলাদার বাবার কাগজপত্র নিয়ে হাজির হন। কাগজের মধ্যে সনদপত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাল স্বাক্ষর ধরা পড়ে।
উজিরপুর মডেল থানা-পুলিশ বলছে, যাচাই-বাছাই কমিটির সভাপতি বরিশাল-২ আসনের সাংসদ তালুকদার মো. ইউনুস কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে তিনি মুক্তিযোদ্ধা সনদে প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল বলে সন্দেহ করেন। এ সময় সাংসদ রাসেল হাওলাদারকে চ্যালেঞ্জ করেন। পরে সনদ পরীক্ষা-নিরীক্ষা করে প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল বলে প্রমাণিত হয়। সাংসদ বিষয়টি পুলিশকে জানালে পুলিশ রাসেলকে আটক করে। গতকাল ইউএনও ঝুমুর বালা রাসেলের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন।
রাসেল হাওলাদার বলেন, ‘মৃত্যুর আগে বাবা যে কাগজপত্র রেখে গেছেন, আমি ওই কাগজপত্র জমা দিয়েছি।’