প্রবর্তক পাহাড় কেটে ভবন নির্মাণ বন্ধ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের প্রবর্তক পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণের চেষ্টা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতারা। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সনাতন ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতারা প্রবর্তক পাহাড়কে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নকশা অনুযায়ী হেরিটেজ ঘোষণার দাবি জানান।

যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেছেন, ঐতিহ্যবাহী প্রবর্তক পাহাড় অনাথের সম্পত্তি। এটি ইজারা কিংবা বিক্রয়ের নামে আবাসন প্রতিষ্ঠানকে দিয়ে ভবন নির্মাণ করে ব্যবসায়িক স্বার্থ হাসিলের চেষ্টা করা হচ্ছে। হাইকোর্ট প্রবর্তক পাহাড় সুরক্ষার জন্য নির্দেশনা দিয়েছেন। তারপরও আবাসন প্রতিষ্ঠান চট্টগ্রামের একজন প্রভাবশালী মন্ত্রীর ছত্রচ্ছায়ায় পুনরায় নির্মাণকাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে বিবৃতিতে অভিযোগ করা হয়। 

বিবৃতিদানকারী নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রমেশ চন্দ্র ঘোষ, কার্যকরী সভাপতি বিমল কান্তি দে, সাধারণ সম্পাদক তপন কান্তি দাশ, চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের সভাপতি বিদ্যালাল শীল, সাধারণ সম্পাদক রত্নাকর দাশ, উত্তর জেলা পূজা কমিটির সভাপতি অমৃত লাল দে, সাধারণ সম্পাদক চন্দন দে, দক্ষিণ জেলা পূজা কমিটির সভাপতি অধ্যাপক বিপ্লব গাঙ্গুলী, সাধারণ সম্পাদক তাপস কুমার দে, জন্মাষ্টমী পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি কাজল দত্ত, দক্ষিণ জেলা জন্মাষ্টমী কমিটির সভাপতি বাবুল ঘোষ, সাধারণ সম্পাদক ঝুন্টু চৌধুরী, উত্তর জেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি মাস্টার নির্মল কান্তি দাশ, সাধারণ সম্পাদক গৌতম পালিত, গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা কমিটির সভাপতি হরিপদ দে, সাধারণ সম্পাদক মাইকেল দে, অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা কমিটির সভাপতি কাউন্সিলর জহরলাল হাজারী, সাধারণ সম্পাদক প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী প্রমুখ।