প্রবাসফেরত জামাইকে বাড়িতে আটকে নির্যাতন
দেড় বছর পর দেশে ফিরেই শ্বশুরবাড়ির লোকজনের হাতে নির্যাতনের শিকার হয়েছেন নাটোরের গুরুদাসপুর উপজেলার বাসিন্দা প্রবাসী ঈমান আলী (৩৫)। গত বুধবার রাতে তিনি নির্যাতনের শিকার হন। পরে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে পুলিশের সহায়তায় ঈমান আলীকে উদ্ধার করে গুরুদাসপুর হাসপাতালে ভর্তি করে তাঁর পরিবারের লোকজন।
এলাকাবাসী ও নির্যাতনের শিকার প্রবাসী যুবকের পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৪ সালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর গ্রামের রমেশ আলীর মেয়ে বুলবুলির (২২) সঙ্গে দুই লাখ টাকা দেনমোহরে ঈমান আলীর বিয়ে হয়। এর তিন মাসের মাথায় তিনি সৌদি আরব চলে যান। বুধবার তিনি দেশে ফিরে শ্বশুরবাড়িতে গেলে সেখানে নির্যাতনের শিকার হন। ঈমান আলী উপজেলার চাপিলা ইউনিয়নের মোকিমপুর গ্রামের মৃত এনায়েত উল্লাহর ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন ঈমান আলী অভিযোগ করেন, বুধবার সন্ধ্যায় শ্বশুরবাড়ি যাওয়ার পর শ্বশুর রমেশ আলী তাঁর মেয়েকে তালাক দিতে বলেন। এতে তিনি রাজি হননি। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে শ্বশুরের উপস্থিতিতে ওই পরিবারের তিন-চারজন তাঁকে কাঠের ডাসা দিয়ে পিটিয়ে জখম করেন।
ঈমান আলীর দাবি, সৌদি আরবে থাকার সময় তিনি স্ত্রীর নামে প্রায় সাড়ে তিন লাখ টাকা পাঠিয়েছিলেন। তা ছাড়া বিয়ের সময় এক লাখ টাকার গয়নাও দিয়েছিলেন। পরিকল্পিতভাবে তাঁকে বিবাহবিচ্ছেদ ঘটাতে বলা হয়।
হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আবদুর রহিম বলেন, বেধড়ক পিটুনিতে ঈমান আলীর শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমাট বেঁধেছে। এটা শরীরের জন্য ক্ষতিকর।