প্রবাসী ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গতকাল বৃহস্পতিবার এক প্রবাসী ও তাঁর স্ত্রীকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাঁরা ওই প্রবাসীর বাড়ির সীমানাপ্রাচীরও ভেঙে ফেলেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রের ভাষ্য, উপজেলার সাদিপুর ইউনিয়নের দাশ নোয়াগাঁও গ্রামের শুক্কুর আলী দুবাইপ্রবাসী। তাঁর সঙ্গে প্রতিবেশী ওয়াসিম মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। দেশে ফেরার পর গতকাল দুপুরে দুজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে ওয়াসিম মিয়া ও তাঁর সহযোগী আবদুল কাদিরের নেতৃত্বে একদল লোক দা, টেঁটা ও লাঠিসোঁটা নিয়ে শুক্কুর আলী, তাঁর স্ত্রী পারভীন আক্তার ও ভাতিজা সফিকুল ইসলামের ওপর হামলা চালান।
এ সময় তাঁরা ওই তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেন। শুক্কুর আলীর বাড়ির সীমানাপ্রাচীরও ভেঙে ফেলেন। পরে আহত ব্যক্তিদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শুক্কুর আলী বলেন, পূর্বশত্রুতার জের ধরে ওয়াসিম ও তাঁর লোকজন তাঁদের কুপিয়ে আহত করে বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে ফেলেছেন।
তবে ওয়াসিম মিয়া তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, এ ঘটনায় গতকাল থানায় একটি মামলা হয়েছে। ওয়াসিম মিয়া নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।