প্রবাসী দম্পতির ডলার ছিনতাই, ৫ পুলিশ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের ঝিকরগাছায় সুইডেনপ্রবাসী দম্পতির কাছ থেকে তিন হাজার মার্কিন ডলার ছিনিয়ে নেওয়ার অভিযোগে পুলিশের একজন উপপরিদর্শকসহ (এসআই) পাঁচ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যাহার করে নেওয়া পুলিশ সদস্যরা হলেন এসআই এজাজুর রহমান ও কনস্টেবল আজিজুর রহমান, মামুনুর রশীদ, বাবর আলী ও জিয়াউল হক। তাঁদের ঝিকরগাছা থানা থেকে প্রত্যাহার করে যশোর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। আর ছিনতাইয়ের শিকার দুজন হলেন মিজানুর রহমান ও তাঁর স্ত্রী খুকুমণি পারভীন। ২৬ বছর ধরে তাঁরা নাগরিকত্ব নিয়ে সুইডেনে রয়েছেন।
মিজানুর ও খুকুমণির অভিযোগ, ব্যক্তিগত একটি গাড়িতে করে তাঁরা গত বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরের বেনাপোল থেকে নড়াইলের দিকে যাচ্ছিলেন। গাড়িটি ঝিকরগাছা থানা-সংলগ্ন পাঁচপুকুর এলাকায় পৌঁছালে এসআই এজাজুরের নেতৃত্বে পুলিশের একটি দল তাতে তল্লাশি চালায়। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে ওই পুলিশ সদস্যরা তাঁদের কাছে থাকা তিন হাজার মার্কিন ডলার ছিনিয়ে নেন। ঘটনার পরপরই দুজন যশোর প্রেসক্লাবে গিয়ে সাংবাদিকদের কাছে বিষয়টি জানান।
যশোরের সহকারী পুলিশ সুপার (‘ক’ সার্কেল) ভাস্কর সাহা বলেন, ‘দুই সুইডিশ নাগরিকের কাছ থেকে ডলার ছিনতাইয়ের অভিযোগ ওঠায় পুলিশের এক এসআই ও চার কনস্টেবলকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। নিরপেক্ষ তদন্তের স্বার্থে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঝিকরগাছা থানায় গিয়ে আমি তদন্ত করেছি।’
ছিনতাই হওয়া ডলার ফেরত: মিজানুর রহমান গতকাল শুক্রবার বলেন, ‘পরিচয় দেওয়ার পরও তল্লাশির সময় পুলিশ সদস্যরা আমাদের কাছ থেকে তিন হাজার ডলার ছিনিয়ে নেয়।...তবে আজ (গতকাল শুক্রবার) সকালে একজন অপরিচিত লোক মোটরসাইকেলে করে বাড়িতে এসে ওই ডলার ফিরিয়ে দিয়ে গেছে। এ সময় যশোর থেকে পুলিশের এক কর্মকর্তা আমাকে ফোন করে ডলার ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত হন।’
মিজানুরের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলা সদরে। তিনি সস্ত্রীক যশোরে বেড়াতে যান।