প্রবাসীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা, আটক ৬
জায়গা নিয়ে বিরোধের জের ধরে কুমিল্লার তিতাস উপজেলার সাতানি ইউনিয়নের বারকাউনিয়া গ্রামে সুমন মিয়া (৩২) নামের এক সৌদিপ্রবাসীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। সুমনকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তাঁর ছোট ভাই সাইদুল ইসলাম (৩০)।
গত রোববার রাত নয়টায় বারকাউনিয়া সেতুর ওপর এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, বহিরাগত ভাড়াটে সন্ত্রাসী এনে সুমন মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। সুমন ওই গ্রামের জালু মিয়ার ছেলে। তিনি কিছুদিন আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন। ওই ঘটনার পর এলাকাবাসী বারকাউনিয়া গ্রামের আলাউদ্দিনের বাড়ি ঘেরাও করেন। এরপর ওই বাড়ি থেকে ছয় ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন আবদুল জলিলের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন (২৬), তাঁর বড় ভাই মো. লিটন মিয়া (৩৩) ও মো. রিপন মিয়া (৩০), গনি মিয়ার ছেলে মো. ধনু মিয়া (৬০) এবং তাঁর ছেলে অনিক মিয়া (২১) ও মোহাম্মদ (১৯)।
বারকাউনিয়া গ্রামের অন্তত দুজন বাসিন্দা বলেন, ওই গ্রামের জলিল মিয়া ও জালু মিয়ার মধ্যে ১২ শতক জায়গা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ রয়েছে। কয়েক দিন ধরে বিরোধপূর্ণ জায়গায় জলিল মিয়ার ছেলে আলাউদ্দিন ঘর তোলেন। এ নিয়ে দুই পক্ষ থেকে অভিযোগ আসে থানায়। এ ছাড়া কিছুদিন আগে জালু মিয়ার ঘরে আগুন দিয়ে উচ্ছেদের চেষ্টা করা হয়। তখন গোয়ালঘরের একটি গাভি আগুনে পুড়ে মারা যায়। গত রোববার রাত নয়টার দিকে জালু মিয়ার ছেলে সুমন মিয়া মুঠোফোনে কথা বলতে বলতে বাড়ির উত্তর পাশের সেতুর ওপর আসেন। এ সময় ওত পেতে থাকা একদল সন্ত্রাসী রামদা, চাপাতি দিয়ে সুমনকে উপর্যুপরি কুপিয়ে জখম করে। এ সময় সুমন চিত্কার দিলে তাঁর ছোট ভাই সাইদুল ইসলাম এগিয়ে আসেন। তখন তাঁকে এলোপাতাড়ি কোপানো হয়। একপর্যায়ে সুমনের গলায় ছুরি চালিয়ে দেয়। দ্রুত তাঁদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিত্সকেরা সুমনকে মৃত ঘোষণা করেন। একই সঙ্গে সাইদুলকে উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর জন্য নির্দেশ দেন। পরে পুলিশ সুমনের লাশ উদ্ধার করে তিতাস থানায় নিয়ে আসে। গতকাল সোমবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জালু মিয়া বলেন, ‘জলিল মিয়ার ছেলে ও পরিবারের সদস্যরা জবরদখল করে আমার জায়গা। জায়গা নিয়ে বিরোধের জের ধরেই আমার ছেলেকে হত্যা করা হয়। আমি এর বিচার চাই।’
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম বলেন, জায়গা নিয়ে বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে সুমনকে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।