প্রবাসীকে কুপিয়ে ও পিটিয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা
কুমিল্লার বুড়িচং উপজেলার পাঁচোড়া গ্রামের সৌদিপ্রবাসী মো. আবদুল করিমকে (৪৫) গত রোববার প্রতিপক্ষ পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ময়মনসিংহের ভালুকা উপজেলায় রেখা বেগম (২৫) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী আলম আকন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুড়িচং থানার পুলিশ সূত্রে জানা গেছে, এক বছর আগে পাঁচোড়া গ্রামের বজলুর রহমানের ছেলে শরীফুল ইসলাম তাঁর বড় ভাই সৌদি আরবপ্রবাসী আবদুল করিমের মাধ্যমে বিদেশে লোক নেওয়ার উদ্যোগ নেন। এ সময় শরীফুলকে রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন তাঁর এক আত্মীয়কে বিদেশ নেওয়ার জন্য পাঁচ লাখ টাকা দেন। কিন্তু নির্ধারিত সময়ে শরীফুল ওই ব্যক্তিকে ভিসা দিতে পারেননি। এমনকি টাকাও ফেরত দেননি। কয়েক দিন আগে শরীফুলের বড় ভাই আবদুল করিম দেশে আসেন। এ সময় টাকা ফেরত দেওয়ার জন্য করিমকে চাপ দেওয়া হয়। কিন্তু কোনো অবস্থাতেই তাঁরা টাকা পরিশোধ করেননি। এ অবস্থায় রোববার রাত নয়টার দিকে ২০ থেকে ২৫ জনের একটি দল লাঠিসোঁটা, দা, ছেনি নিয়ে আবদুল করিমের বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে আবদুল করিম হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেন। তখন তাঁকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। এ সময় তাঁকে বাঁচাতে এগিয়ে এলে বাড়ির নারী সদস্যরাও আহত হন। করিমকে দ্রুত উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় তিনি মারা যান। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী রোকসানা আক্তার বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ পাঁচোড়া গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির সদস্য গাজী মনির হোসেন, বিল্লাল হোসেন, আবু তাহেরসহ আটজনকে গ্রেপ্তার করে। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম বড়ুয়া বলেন, বিদেশ যাওয়ার টাকা নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় অভিযান চালিয়ে নিহত গৃহবধূ রেখা বেগমের স্বামী আলম আকন্দকে গ্রেপ্তার করা হয়। ভালুকা থানার ওসি মামুন অর রশিদ গতকাল সোমবার সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ভালুকা মডেল থানায় আয়োজিত ওই সংবাদ সম্মেলনে ওসি জানান, গত শনিবার সকালে ভালুকা ডিগ্রি কলেজের সামনের একটি ডাস্টবিন থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ নিশ্চিত হয়, ওই গৃহবধূর নাম রেখা বেগম। তিনি ভালুকা পৌর শহরের ২ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা আলম আকন্দের স্ত্রী। পরে খবর পেয়ে রোববার রাতে ফুলবাড়িয়া উপজেলার চৌরধার গ্রাম থেকে আলমকে গ্রেপ্তার করে পুলিশ। সংবাদ সম্মেলনে ওসি দাবি করেন, জিজ্ঞাসাবাদে আলম স্বীকার করেছেন, পারিবারিক কলহের জের ধরে গলায় ওড়না পেঁচিয়ে তিনি স্ত্রীকে হত্যা করেছেন। হত্যার পর ভ্যানে করে লাশটি ওই ডাস্টবিনে ফেলে রেখে আসেন। ওসি আরও জানান, আলমকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।