প্রবাসীকে হত্যা করে ডাকাতির ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ভাষানটেকে যুক্তরাষ্ট্রপ্রবাসী মনসুর রহমানকে (৫৯) হত্যা করে ডাকাতির ঘটনায় গতকাল সোমবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় গত রোববার রাতে অজ্ঞাতনামা সাত-আটজনকে আসামি করে একটি মামলা হয়েছে।
রোববার ইফতারের পরপর ভাষানটেক এলাকায় একটি পাঁচতলা বাড়ির চারতলার বাসায় ঢুকে পরিবারের সবাইকে বেঁধে ফেলে ডাকাতেরা। এরপর তারা গৃহকর্তা মনসুর রহমানকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মালামাল লুটে নিয়ে যায়। গতকাল ময়নাতদন্তের পর মনসুরের লাশ ভাষানটেক কবরস্থানে দাফন করা হয়।
ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নিহত মনসুরের ভাই করম আলী বাদী হয়ে ডাকাতি ও হত্যার অভিযোগে মামলা করেছেন। এজাহারে বলা হয়েছে, দুটি স্বর্ণের দুল, হাতের চারটি বালা, ১০টি আংটি, গলার ১০টি চেইন, দুটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোন, একটি আইপ্যাড, দেড় লাখ টাকা ও ৪০০ ইউএস ডলারসহ মোট ১৩ লাখ ৫১ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতেরা।
ওসি বলেন, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।