রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল প্রকল্পে প্রবাসী কোটায় প্লটের আবেদন করে ২০০২ সালের ১৭ জুলাই সাড়ে সাত কাঠার একটি প্লট বরাদ্দ পান বরিশালের আগৈলঝাড়া উপজেলার ভালুকসি গ্রামের মো. কাজী জামাল। পরে তিনি কাইয়ুম নামের এক ব্যক্তির কাছে প্লটটির আমমোক্তারনামা প্রদান করেন। ওই আমমোক্তারনামা অনুমোদন করানোর জন্য রাজউকে গেলে তিনি জানতে পারেন, কে বা কারা ভুয়া কাজী জামাল সেজে আক্তার হোসেন নামের এক ব্যক্তির কাছে তাঁর আগেই আমমোক্তারনামা দিয়েছেন।
রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার কাছে এর প্রতিবাদ ও বিচার দিয়েও কোনো প্রতিকার পাননি কাজী জামাল।
পরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজউক-সম্পর্কিত প্রাতিষ্ঠানিক দল অভিযোগটি অনুসন্ধানে নেমে সে-সম্পর্কিত যাবতীয় নথি ও তথ্য সংগ্রহ করে। অনুসন্ধানে প্রবাসীদের প্লট নিয়ে রাজউকের কর্মকর্তা-কর্মচারীদের নানা জালিয়াতির তথ্য বেরিয়ে আসে। অনুসন্ধানে দেখা গেছে, প্রবাসী কোটায় বরাদ্দ দেওয়া প্রায় অর্ধেক প্লট ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে জালিয়াতি করে বিক্রি করে দেন রাজউকের একশ্রেণির কর্মকর্তা-কর্মচারী।
প্লটের দখল বুঝে না পাওয়া পর্যন্ত আমমোক্তার নিয়োগের মাধ্যমে প্লট বিক্রির বিষয়ে কোনো নির্দেশনা না থাকায় আমমোক্তারের মাধ্যমে প্লট বিক্রিতে জালিয়াতির এ ধরনের সুযোগ তৈরি হয়। প্রবাসীদের দেশে না থাকার সুযোগে রাজউকের কর্মকর্তা-কর্মচারীরা ভুয়া মালিক সাজিয়ে প্রবাসীদের প্লট বিক্রি করে দেন।
কাজী জামালের প্লট-সংক্রান্ত অভিযোগটি অনুসন্ধান ও তদন্ত করতে গিয়ে সংস্থাটির পরিচালক থেকে নিম্ন পর্যায়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে দুদক।
অভিযোগপত্রে বলা হয়েছে, আমমোক্তারনামার নথি তৈরি করেন নিম্নমান সহকারী। সে সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের হাজির হওয়া বাধ্যতামূলক। আর ওই ব্যক্তির হাজিরা নেন পরিচালক। আমমোক্তারনামা যিনি দেন, তাঁর ছবি-স্বাক্ষর মিলিয়ে দেখার দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তাদের। কিন্তু সেসব পর্যালোচনা না করে জালিয়াতির আশ্রয় নিয়েছেন ওই সব কর্মকর্তা। দুদকের পক্ষ থেকে সিআইডির হস্তলিপিবিশারদদের দিয়ে স্বাক্ষর পরীক্ষা করেও জাল স্বাক্ষরের প্রমাণ পাওয়া গেছে।
দুদক সূত্র জানিয়েছে, ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে প্রবাসী কাজী জামালের আত্মসাতের অভিযোগের দালিলিক প্রমাণসহ রাজউকের পূর্বাচল উপশহর প্রকল্পের পরিচালকসহ ছয়জনের বিরুদ্ধে গত সোমবার বিচারিক আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন দুদকের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম।
অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন পূর্বাচল উপশহর প্রকল্পের পরিচালক এ কে এম আহসান ইকবাল, রাজউকের সাবেক সহকারী পরিচালক (বর্তমানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী সচিব) মো. আবুল বশর, রাজউকের ইমারত পরিদর্শক মো. রুহুল আমিন খাদেম, রাজউকের নিম্নমান সহকারী (এস্টেট-৩) রাজিয়া বেগম, পূর্বাচল প্রকল্পের কনিষ্ঠ হিসাব সহকারী (বর্তমানে বরখাস্ত) এম এ কে খন্দকার আজাদ ও দিনাজপুর জেলার থানপুর জায়গিরপাড়া গ্রামের মো. আক্তার হোসেন।
এ অভিযোগে মতিঝিল থানায় মামলা হয় চলতি বছরের ১৫ জুন।