প্রবাসীর বাড়িতে ডাকাতি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের মরাপুকুরপাড় গ্রামের যুক্তরাষ্ট্রপ্রবাসী আবদুল হান্নানের বাড়িতে গত শনিবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই বাড়ি থেকে স্বর্ণালংকারসহ ১৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে গৃহকর্তা দাবি করেছেন।
পুলিশ ও ক্ষতিগ্রস্তের পারিবারিক সূত্রে জানা গেছে, মরাপুকুরপাড় গ্রামের আবদুল হান্নানের ছোট ছেলে সুমন মিয়া মার্কিন নাগরিক। তাঁর বাবা-মাকেও সেই দেশে নিয়ে নাগরিকত্ব করিয়েছেন। হান্নান কয়েক মাস আগে স্ত্রীসহ আমেরিকা থেকে দেশে এসেছেন। তাঁর ছেলে সুমন তাঁদের মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে যাওয়ার জন্য গত ২৬ জুন দেশে এসেছেন। গত শনিবার রাত দেড়টার দিকে ২০-২৫ জন ডাকাত দরজা ভেঙে ঘরের ভেতরে ঢোকে তাঁদের জিম্মি করে ফেলে। এ সময় পাঁচটি কক্ষ থেকে দুই হাজার মার্কিন ডলারসহ নগদ প্রায় সাত লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাতেরা। খবর পেয়ে রাত তিনটার দিকে কসবা থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন আহাম্মদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।