ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘাড়ুয়া ইউনিয়নের সাউতিবান্দা গ্রামে সৌদিপ্রবাসী এক ব্যক্তির বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতের অস্ত্রের আঘাতে ওই বাড়িতে থাকা প্রবাসীর বড় ভাই ও ভাবি জখম হয়েছেন। ডাকাত পড়ার খবর পেয়ে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতেরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
গত সোমবার দিবাগত রাত ১টার দিকে প্রবাসী জামিরুল মাতুব্বরের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা চার ভরি সোনা, তিনটি মুঠোফোন ও ৫০ হাজার টাকাসহ মোট তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করে।
ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে বাড়িতে থাকা জামিরুলের বড় ভাই কামরুল মাতুব্বর (৪০) ও তাঁর স্ত্রী সাহিদা বেগম (৩৮) গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
কামরুল মাতুব্বর বলেন, ২০ থেকে ২৫ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ঘরের গ্রিল কেটে ও দরজা ভেঙে ভেতরে ঢোকে। বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে চার ভরি স্বর্ণালংকার, তিনটি মুঠোফোন সেট ও ৫০ হাজার টাকা লুট করে তারা। বাধা দিতে গেলে তাঁকে ও তাঁর স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ডাকাতেরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘাড়ুয়া ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান সফিউদ্দিন মোল্লা বলেন, ডাকাত পড়ার বিষয়টি টের পেয়ে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতেরা পরপর তিনটি বোমা ফাটিয়ে পালিয়ে যায়। পরে গ্রামবাসী আহত দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে নেয়।