প্রবাসীর স্ত্রী ও অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল সোমবার সকালে পারভীন আক্তার (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন মৌলভীবাজার-কুলাউড়া সড়কের চাঁদনীঘাট বাসস্ট্যান্ড এলাকা থেকে অজ্ঞাতনামা এক নারীর (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে।
কসবায় নিহত পারভীন আক্তার উপজেলার কুটি ইউনিয়নের রানীয়ারা গ্রামের দুবাইপ্রবাসী মো. অলিউল্লাহ ভূঁইয়ার স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে পারভীন খাবার শেষে ঘুমিয়ে ছিলেন। সকালে স্থানীয়রা পা বাঁধা অবস্থায় বাড়ি থেকে ৫০ গজ দূরে একটি পুকুরপাড়ে পারভীনের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
কসবা থানার এসআই মুজিবুর রহমান জানান, ওই নারীর একটি কান কাটা ও ঘাড়ে কালো দাগ দেখা গেছে। তিনি ধারণা করছেন, দুর্বৃত্তরা তাঁকে ধর্ষণের পর হত্যা করেছে।
মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে গতকাল সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজারের চাঁদনীঘাট বাসস্ট্যান্ড এলাকা থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করেছে।