প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ বন্দরে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূর নাম তানিয়া আক্তার (৩৪)। এ ঘটনায় জড়িত সন্দেহে ইকবাল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।


আজ রোববার সকালে উপজেলার চৌধুরীবাড়ি এলাকার বাড়ি থেকে তানিয়া আক্তারের লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত তানিয়া বন্দর উপজেলার চৌধুরীবাড়ি এলাকার সৌদিপ্রবাসী নূর হোসেনের স্ত্রী। তিনি একই এলাকার তাজুল ইসলামের মেয়ে। নিহত তানিয়ার নুসরাত (৬) ও নিশাত (৩) নামের দুই কন্যাসন্তান রয়েছে।

বন্দর থানার উপপরিদর্শক (এসআই) অজয় কুমার পাল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূ তানিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তাঁর গলা ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশের দাবি, পরকীয়া প্রেম ও আর্থিক লেনদেনের বিষয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে উপজেলার সালেহনগর এলাকা থেকে ইকবাল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ইকবাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন। তাঁর কাছ থেকে নিহত তানিয়ার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে।