প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আজ বুধবার মিনা আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মিনা হাজীপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা দুবাইপ্রবাসী মকবুল আলী ওরফে আবদুল্লাহর দ্বিতীয় স্ত্রী। মিনার বাবার বাড়ি পার্শ্ববর্তী কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার গ্রামে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মকবুল আলী ১৮ বছর আগে প্রথম বিয়ে করেন। ওই সংসারে তাঁদের দুই মেয়ে আছে। বড় মেয়ে তাহমিনা একাদশ শ্রেণিতে এবং ছোট মেয়ে ঊর্মি পঞ্চম শ্রেণিতে পড়ে। চার বছর আগে মকবুলের প্রথম স্ত্রী মারা যান। দুই বছর আগে দুবাইয়ে মকবুলের সঙ্গে মিনার পরিচয় হয়। মিনা দুবাইয়ে গৃহকর্মীর কাজ করতেন। সেখানেই তাঁরা বিয়ে করেন। বছর খানেক আগে মকবুল মিনাকে দেশের বাড়িতে পাঠিয়ে দেন।
বড় মেয়ে তাহমিনা জানিয়েছে, আজ সকালে ছোট বোন ঊর্মিকে স্কুলে দিতে যায় সে। বাড়ি ফিরে মিনাকে কক্ষে দেখতে না পেয়ে আশপাশে খোঁজ করতে থাকে। একপর্যায়ে ঘরের পেছনের একটি গাছের ডালে মিনার লাশ ঝুলতে দেখে চিৎকার শুরু করে। তাহমিনার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ বেলা দুইটার দিকে ঘটনাস্থল থেকে মিনার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
তাহমিনা আরও জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাতে মকবুল মিনার মুঠোফোনে কল করেন। সে সময় মিনাকে রেগে কথা বলতে শোনা যায়।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির আহসান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, স্বামীর সঙ্গে মনোমালিন্যের জের ধরে মিনা আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ মৌলভীবাজারের ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হবে বলে তিনি জানান।