রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রস্তাবিত প্রবিধানমালা দ্রুত অনুমোদনের নামে মাঠপর্যায়ে চাঁদাবাজি চলছে। অভিযোগ রয়েছে, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নামে এ চাঁদা তোলা হচ্ছে।
ব্যাংক সূত্রে জানা গেছে, প্রচলিত প্রবিধানমালা অনুযায়ী, ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মুখ্য কর্মকর্তা হিসেবে পদোন্নতির জন্য সংশ্লিষ্ট পদে তিন বছর ও মোট চাকরির বয়স হতে হবে পাঁচ বছর। এ প্রবিধানমালা উপেক্ষা করে ২০১১ সালে প্রথমবারের মতো ২৪ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। পরবর্তীকালে সেটিকে বৈধ করার জন্য পাঁচ বছর চাকরির শর্ত শিথিল করে একটি সংশোধিত প্রবিধানমালা অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়।
এর প্রতিবাদে ব্যাংকের একটি পক্ষ সংক্ষুব্ধ হয়ে হাইকোর্টে একটি রিট করে। হাইকোর্ট ওই সংশোধনী স্থগিতের আদেশ দেন। পরবর্তী সময়ে দুই পক্ষের শুনানি শেষে ব্যাংক ব্যবস্থাপনাকে কিছু নির্দেশনা দিয়ে আদালত রিটের নিষ্পত্তি করেন। এতে আদালত বলেছেন, প্রচলিত প্রবিধানমালা অনুযায়ীই কর্মকর্তারা পদোন্নতি পাবেন।
ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিষয়টি পুরোপুরি বিবেচনায় না নিয়ে সংশোধিত প্রবিধানমালাটি ফের অনুমোদনের জন্য পাঠায়। এর সঙ্গে ব্যাংকে কর্মরত ডেটা এন্ট্রি অপারেটর এবং কম্পিউটার অপারেটর পদকে আপগ্রেড করার প্রস্তাবটিও প্রবিধানমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ জন্য ব্যাংকের ডেটা এন্ট্রি অপারেটর ও কম্পিউটার অপারেটর পদে কর্মরত এবং প্রস্তাবিত প্রবিধানমালার উপকারভোগীরা এখন উঠেপড়ে লেগেছেন। অভিযোগ রয়েছে, তাঁরা দ্রুত এ প্রবিধানমালা অনুমোদনের জন্য মাঠপর্যায়ে ইতিমধ্যেই চাঁদাবাজি শুরু করেছেন। এ জন্য ডেটা এন্ট্রি অপারেটররা তিন হাজার টাকা ও কম্পিউটার অপারেটররা সাড়ে তিন হাজার টাকা করে দিচ্ছেন। এই চাঁদার টাকা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।
ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, এই চাঁদার টাকা ব্যাংকের ১৮টি জোন থেকে জনতা ব্যাংকের রাজশাহীর নওদাপাড়া শাখার একটি যৌথ হিসাব নম্বরে পাঠানো হচ্ছে। ব্যাংকের স্থানীয় মুখ্য কার্যালয়ের ডেটা এন্ট্রি অপারেটর ও সিবিএ নেতা কোরবান আলী এই হিসাব নম্বরধারীর একজন। এ টাকার পরিমাণ গত ২০ নভেম্বর পর্যন্ত প্রায় পাঁচ লাখ টাকা ছিল।
এ বিষয়ে জানতে চাইলে কোরবান আলী প্রথম আলোকে বলেন, ‘যাঁরা আপনাকে তথ্য দিয়েছেন, তাঁরা সঠিক তথ্য দেননি।’ তিনি বলেন, ‘প্রবিধানমালা অনুমোদনের কাজটি করবে ব্যাংকের ব্যবস্থাপনা বিভাগ। সে ব্যাপারে আমাকে প্রশ্ন করে বিব্রত করা হচ্ছে।’ তিনি এ ব্যাপারে ব্যাংকের ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে কথা বলতে বলেন। তবে একপর্যায়ে তিনি স্বীকার করেন, যে হিসাব নম্বরে টাকা আসছে, সেটি তাঁর একক নামে নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংকের এক কর্মকর্তা বলেন, এই টাকা উৎকোচ হিসেবে মন্ত্রণালয়ে পাঠানোর কথা বললেও বিষয়টি ঠিক নয়। এ টাকা বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে।
সংশোধিত প্রবিধানমালা অনুমোদনের ব্যাপারে ব্যাংকের মহাব্যবস্থাপক (প্রশাসন) নিশিথ কুমার সাহা বলেন, এ ব্যাপারে মন্ত্রণালয়ে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। এটি তাঁরা কয়েক দফা ঘষামাজা করেছেন। তারপর বোর্ডে পাঠিয়েছেন। সেখান থেকে আবার ফেরত পাঠানো হয়েছে। ফের কিছু পরিমার্জন করা হয়েছে। তারপর সেটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
প্রবিধানমালা অনুমোদনের জন্য চাঁদা ওঠানোর ব্যাপারে জানতে চাইলে নিশিথ কুমার সাহা জানান, এটা তিনি শোনেননি। কাজের চাপে ব্যস্ত থাকায় কোনো দিকে নজর দেওয়ার সময় পাননি।