পটুয়াখালীর বাউফল উপজেলার অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার বিরুদ্ধে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে কেন্দ্র ফির নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে এর সত্যতা পাওয়া গেছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে বাউফল ছালেহিয়া ফাজিল মাদ্রাসায় দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী প্রবেশপত্র নেওয়ার জন্য এসেছে। কয়েকজন প্রবেশপত্র নিয়ে বাড়ি ফিরছে। তারা জানায়, প্রবেশপত্র সংগ্রহ করতে ৪০০ টাকা দিতে হয়েছে। কয়েকজন শিক্ষার্থী বলে, ফরম পূরণের সময় তাদের কাছ থেকে নেওয়া হয়েছে তিন হাজার টাকা।
উল্লেখ্য, কেন্দ্র ফিসহ ফরম পূরণে বোর্ড কর্তৃক নির্ধারিত ফি ছিল ১ হাজার ৩৫০ টাকা।
ওই মাদ্রাসার অধ্যক্ষ মো. নজিরুল হক বলেন, মাদ্রাসা শিক্ষক সমিতির সভায় কেন্দ্র ফি হিসেবে শিক্ষার্থীদের কাছ থেকে ৩৫০ টাকা আদায় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী ওই টাকা আদায় করা হচ্ছে। ফরম পূরণের সময় শিক্ষার্থীদের কাছ থেকে কেন তিন হাজার টাকা নেওয়া হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো কোনো শিক্ষার্থীর দুই বছরের বেতন একত্রে দেওয়ার কারণে এমন হতে পারে।
একই অবস্থা দেখা গেছে বাউফল আদর্শ বালিকা বিদ্যালয়, নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়, কালাইয়া হায়াতুন্নেছা বালিকা বিদ্যালয়, কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়, পূর্ব নওমালা সিনিয়র মাদ্রাসাসহ উপজেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে।
এ বিষয়ে বাংলাদেশ শিক্ষক সমিতির বাউফল শাখার সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, ‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি আগে কেন্দ্র ফি নিয়ে থাকে তাহলে এখন প্রবেশপত্র সংগ্রহের সময় কোনো টাকা নেওয়ার সুযোগ নেই। আমার কাছেও এ বিষয়ে অভিযোগ এসেছে। আসলে বিষয়টি অনৈতিক।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল হক বলেন, ফরম পূরণের সময়ই প্রবেশপত্র বাবদ ফি নেওয়ার কথা। এ বিষয়ে সুস্পষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।