প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোর্ডের খামখেয়ািলপনা ও মাদ্রাসা কর্তৃপক্ষের অবহেলায় নাটোরের নলডাঙ্গা উপজেলার সূর্যবাড়ি-বনগ্রাম দাখিল মাদ্রাসার শিক্ষার্থী চামেলী ইয়াসমিন প্রবেশপত্র পায়নি। ফলে সে এবারের দাখিল পরীক্ষায় অংশ নিতে পারছে না।
মাদ্রাসার সুপার হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনি বিষয়টি সমাধানের জন্য চেষ্টা করেছেন। আগামী বছর ভুল সংশোধন করা সম্ভব হবে বলে বোর্ড থেকে জানানো হয়েছে। বিষয়টি শিক্ষার্থীর পরিবারকে জানানো হয়েছে। তিনি তাঁর কর্তব্যে অবহেলা করেননি। বোর্ডের ভুলেই এটা হয়েছে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আাইয়ুব আলী জানান, তিনি বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না। আগের সভাপতির সময় এটি হয়েছে। তবে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মাদ্রাসা সূত্র জানায়, নলডাঙ্গা উপজেলার বনগ্রামের আলাউদ্দিন সরদারের মেয়ে চামেলী ইয়াসমিন সূর্যবাড়ি-বনগ্রাম দাখিল মাদ্রাসার ছাত্রী হিসেবে দুই বছর আগে নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন করে। যথারীতি ফরমও পূরণ করে। কিন্তু মাগুরার শালিখা উপজেলার কোটভাগ দাখিল মাদ্রাসার তালিকায় চামেলীর নাম রেজিস্ট্রেশন হয়।
বাবা আলাউদ্দিন সরদার অভিযোগ করেন, বিষয়টি জানার পরও রেজিস্ট্রেশন সংশোধনে মাদ্রাসার পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়নি। এর পরও দাখিল পরীক্ষার ফরম পূরণের জন্য চামেলী ইয়াসমিনের কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা নেওয়া হয়। কিন্তু ফরম পূরণ করলেও প্রবেশপত্র পাওয়া যায়নি। এতে চলতি দাখিল পরীক্ষায় সে অংশ নিতে পারছে না। অথচ সে প্রথম শ্রেণি থেকে সব শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে আসছিল।
বৃহস্পতিবার চামেলী প্রবেশপত্র আনতে মাদ্রাসায় গেলে বিষয়টি জানতে পারে। এ সময় সে প্রতিবাদ করলে মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি সামাল দিতে সাথী খাতুন নামের অন্য এক শিক্ষার্থীর প্রবেশপত্র তার হাতে ধরিয়ে দেয়। বিষয়টি জানতে পেরে চামেলীর অভিভাবকেরা মাদ্রাসায় গিয়ে ঘটনা জানতে চান। এ সময় মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করে সাথী খাতুনের নামে পরীক্ষা দিতে বলে। অভিভাবকেরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানান।
ইউএনও শারমিন আক্তার জাহান বিষয়টি জানার পর মাদ্রাসা কর্তৃপক্ষকে তলব করে কারণ জানতে চান এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
নলডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোগরিব হোসেন জানান, বিষয়টি দ্রুত সুরাহার জন্য জেলা প্রশাসক ও ইউএনওর মাধ্যমে মাদ্রাসা বোর্ডে যোগাযোগ করা হচ্ছে। শিগগিরই চামেলীর পরীক্ষায় অংশ নেওয়ার ব্যবস্থা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।