প্রবেশপত্র বিতরণে বাড়তি টাকা আদায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার প্রবেশপত্র বিতরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে গত রোববার ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন কয়েকজন পরীক্ষার্থী।
কলেজ সূত্রে জানা গেছে, এ বছর বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজ থেকে তিন বিষয়ে ১০১ জন শিক্ষার্থী দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে বাংলার ২৭ জন, হিসাববিজ্ঞানের ৩৪ ও রাষ্ট্রবিজ্ঞানের ৪০ জন রয়েছেন। গত বছরের সেপ্টেম্বরে ২ হাজার ৬০০ টাকা করে দিয়ে ফরম পূরণ করেন শিক্ষার্থীরা।
লিখিত অভিযোগে বলা হয়, সম্মান দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার জন্য সেপ্টেম্বর মাসে শিক্ষার্থীপ্রতি ২ হাজার ৬০০ করে ফি দেওয়া হয়। গত বুধবার পরীক্ষার্থীদের কাছ থেকে রসিদ ছাড়া ৩০০ টাকা করে নিয়ে প্রবেশপত্র বিতরণ করে কলেজ কর্তৃপক্ষ।
কলেজের গ্রন্থাগারিক আবদুর রব প্রথম আলোকে বলেন, ‘প্রিন্সিপাল (অধ্যক্ষ) স্যারের নির্দেশে প্রবেশপত্র দিয়ে ৩০০ করে টাকা নেওয়া হচ্ছে। স্যার বলেছেন, পরীক্ষায় কিছু খরচ হয়, সে জন্য টাকা আদায় করা হচ্ছে।’
জানতে চাইলে কলেজের অধ্যক্ষ আবদুর রহিম বলেন, ‘এ বিষয়ে আমি আপনার সঙ্গে কোনো কথা বলব না।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তৌহিদ বলেন, ‘ এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’