সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার ধরমপাশা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বকেয়া কেন্দ্র ফির কথা বলে নিয়মবহির্ভূতভাবে প্রবেশপত্র সংগ্রহের সময় ৩০০ টাকা করে আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
জেলা শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, ফরম পূরণের সময় কেন্দ্র ফিসহ যাবতীয় পাওনা শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হয়ে থাকে। প্রবেশপত্র বাবদ অর্থ আদায় করা সম্পূর্ণ বেআইনি। এখন কেন টাকা আদায় করা হচ্ছে, খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
কলেজ ও শিক্ষার্থী সূত্র জানায়, আগামী রোববার ৩ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষায় কলেজটি থেকে মানবিক বিভাগের ৩৪৯ জন, বিজ্ঞান বিভাগের ৮ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগের ৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। গত সোমবার থেকে কলেজের শিক্ষক মিলনায়তনকক্ষে কয়েকজন শিক্ষক বসে পরীক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র বিতরণ শুরু করেছেন। প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে বকেয়া কেন্দ্র ফির কথা বলে ৩০০ টাকা করে আদায় করা হচ্ছে। প্রবেশপত্রে ‘বকেয়া পাওনা’ লিখে রসিদ দিয়ে এ টাকা আদায় করা হচ্ছে। গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত দেড় শতাধিক পরীক্ষার্থী টাকা দিয়ে প্রবেশপত্র নিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে অন্তত অর্ধশতাধিক পরীক্ষার্থী বলে, ‘ফরম পূরণের সময় কেন্দ্র ফিসহ যাবতীয় পাওনা পরিশোধ করেছি। বকেয়া না থাকলেও কেন্দ্র ফির কথা মুখে বলে কৌশলে রসিদের মধ্যে বকেয়া পাওনা লিখে প্রবেশপত্র নেওয়ার সময় টাকা আদায় করা হচ্ছে। সামনে পরীক্ষা চলে এসেছে। তাই ক্ষতিগ্রস্ত হতে পারি, ভেবে নিরুপায় হয়ে ৩০০ টাকা করে দিয়ে প্রবেশপত্র নিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।’
কলেজের অধ্যক্ষ আবদুল করিম বলেন, ফরম পূরণের সময় কলেজের সব পরীক্ষার্থীরই কেন্দ্র ফি বকেয়া ছিল। নিয়ম অনুযায়ী ফরম পূরণের সময়ে এ টাকা আদায় করার কথা ছিল। এখন তো আর কেন্দ্র ফি আদায় করা যাবে না। তাই রসিদে বকেয়া পাওনা লিখে ৩০০ টাকা করে আদায় করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হক বলেন, ‘বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’