কুমিল্লার হোমনা উপজেলায় হোমনা ডিগ্রি কলেজ ও রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র দিয়ে অবৈধভাবে ৬০০ টাকা করে আদায় করা হচ্ছে। ওই দুই কলেজের পরীক্ষার্থীরা এ অভিযোগ করেন।
হোমনা ডিগ্রি ও রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ সূত্রে জানা গেছে, এ বছর হোমনা ডিগ্রি কলেজ থেকে ৫৭৭ জন ও রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ থেকে ৩৯৬ জন এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষা দেবে। গত সোমবার থেকে দুটি কলেজের পরীক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র বিতরণ করছে কলেজ কর্তৃপক্ষ।
হোমনা ডিগ্রি কলেজের কয়েকজন পরীক্ষার্থী অভিযোগ করে বলে, এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় পরীক্ষার্থীরা ১ হাজার ৮১০ টাকা করে দিয়েছিল। এখন প্রবেশপত্র দিয়ে ৬০০ করে টাকা নিচ্ছে কর্তৃপক্ষ।
রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের কয়েকজন পরীক্ষার্থী অভিযোগ করে, ‘প্রবেশপত্র দিয়ে ৬০০ করে টাকা নিচ্ছেন স্যারেরা।’
হোমনা ডিগ্রি কলেজেরঅফিস সহকারী পারভিন আক্তার বলেন, ‘প্রিন্সিপাল স্যারের নির্দেশে প্রবেশপত্র দিয়ে আমি ৬০০ করে টাকা নিচ্ছি। টাকা আদায় ছাড়া কাউকে প্রবেশপত্র দিতে নিষেধ করেছেন প্রিন্সিপাল স্যার।’
এ বিষয়ে হোমনা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. কামাল হোসেনের মুঠোফোনে ফোন করা হলে তিনি কুমিল্লা শিক্ষা বোর্ডে অবস্থান করছেন জানিয়ে পরে কথা বলবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।