প্রবেশপত্রের জন্য টাকা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র বিতরণে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বোর্ডের আদেশ উপেক্ষা করে প্রধান শিক্ষকেরা পরীক্ষার্থীদের কাছ থেকে ৩০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত আদায় করছেন বলে অভিযোগ পরীক্ষার্থী ও অভিভাবকদের।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, আমতলী ও তালতলী দুই উপজেলায় এবার পরীক্ষার্থী সংখ্যা ৩ হাজার ৫২ জন। এর মধ্যে আমতলীতে ২৬টি বিদ্যালয়ে ২ হাজার ও তালতলীতে ১৪টি বিদ্যালয়ে ১ হাজার ৫২ জন পরীক্ষার্থী রয়েছে। এ ছাড়া দুই উপজেলায় ২৮টি মাদ্রাসায় ৭৬৭ জন দাখিল পরীক্ষার্থী রয়েছে।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসি ও দাখিল পরীক্ষায় প্রবেশপত্র বিতরণে পরীক্ষার্থীদের কাছ থেকে ৩০০ থেকে এক হাজার টাকা আদায়ের অভিযোগ করেছে পরীক্ষার্থী ও অভিভাবকেরা। বোর্ডের নির্ধারিত প্রবেশপত্র বাবদ কোনো ফি নির্ধারণ না করা হলেও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা অবৈধভাবে এই অর্থ আদায় করছেন।

শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, উপজেলার গাজীপুর মাধ্যমিক বিদ্যালয় ৫০০ টাকা, ঘটখালী মাধ্যমিক বিদ্যালয়ে ৩০০ টাকা, আমতলী এম ইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয় ৪০০ টাকা, চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় ৮৫০ টাকা, আড়পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এক হাজার টাকা, চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয় ৩০০ টাকা, কাউনিয়া ইব্রাহিম একাডেমি মাধ্যমিক বিদ্যালয় ৫০০ টাকা, আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় ৭০০ টাকা, উত্তর তক্তাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় ৪০০ টাকা, কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ৩০০ টাকা ও উত্তর সোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ে ৭০০ টাকা করে প্রবেশপত্র ফি আদায় করছেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকেরা।

এ ছাড়া ২৮টি মাদ্রাসায় ৭৬৭ জন পরীক্ষার্থীর কাছ থেকেও প্রবেশপত্র ফি বাবদ অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ওই মাদ্রাসাগুলোর মধ্যে পরীক্ষার্থী প্রতি পূর্ব পাতাকাটা মেহের আলী দাখিল মাদ্রাসায় ৬০০ টাকা, কুতুবপুর সিনিয়র মাদ্রাসায় ৭০০ টাকাসহ বিভিন্ন মাদ্রাসায় টাকা আদায় করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পরীক্ষার্থীর অভিভাবক জানান, কেন্দ্র ঠান্ডা ফির নামে সংশ্লিষ্ট মাদ্রাসার প্রধানেরা শিক্ষার্থীদের কাছ থেকে এই টাকা আদায় করছেন।

চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী গৌরব চন্দ্র দেউরীর বাবা নিখিল চন্দ্র দেউরী জানান, তাঁর ছেলের কাছ থেকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন কবির প্রবেশপত্র বাবদ ৫৫০ টাকা ও হল খরচ বাবদ ৩০০ টাকা নিয়েছেন। ওই বিদ্যালয়ের পরীক্ষার্থী ফয়সাল ও সুজন জানায়, প্রবেশপত্র ও বিভিন্ন ফি বাবদ প্রধান শিক্ষক ৮৫০ টাকা করে নিয়েছেন।

প্রধান শিক্ষক হুমায়ূন কবির প্রবেশপত্র বাবদ ৫৫০ টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘পরীক্ষার কেন্দ্রে খরচ আছে, তাই এই টাকা নিয়েছি।’

গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী রাবেয়া আক্তার, মরিয়ম আক্তার ও ফরিদ হোসেন জানায়, তাদের বিদ্যালয়ে পরীক্ষার্থীদের প্রবেশপত্র ফি বাবদ শিক্ষকেরা ৫০০ টাকা করে নিয়েছেন।

ঘটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাসেম জানান, প্রবেশপত্র বাবদ যাদের ব্যবহারিক বিষয় আছে, তাদের কাছ থেকে ৩০০ টাকা এবং যাদের ব্যবহারিক বিষয় নেই তাদের কাছ থেকে ২৫০ টাকা আদায় করা হয়েছে। 

একইভাবে চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন প্রবেশপত্র ফি বাবদ ৩০০ টাকা আদায় করার কথা স্বীকার করেন। ঘটখালী আমিন উদ্দিন আলিম মহিলা মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্রসচিব আবদুস সালাম দাবি করেন, তিনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের নির্ধারিত ৩০০ টাকা করে প্রবেশপত্র ফি নিয়েছেন।

আমতলী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আকমল হোসেন খান বলেন, ‘প্রবেশপত্র বাবদ কোনো ফি নেই। এটা যদি কেউ আদায় করে থাকে তবে তা বেআইনি। এ বিষয়ে আমার কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ইউএনও মো. সরোয়ার হোসেন বলেন, ‘কোনো প্রতিষ্ঠান প্রবেশপত্রের জন্য টাকা নিয়ে থাকলে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’