প্রবেশপথে বসে অবৈধ দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাখালী রেলক্রসিং পার হয়ে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সামনে এলে ভ্যাবাচেকা খেতে হয়। চোখে পড়ে সারি সারি ভ্রাম্যমাণ ও স্থায়ী দোকান। মনে হয় জায়গাটি কোনো বাজারের অংশ। সরকারি এই প্রতিষ্ঠানের প্রবেশপথের মুখেই দোকানপাটের পাশাপাশি গড়ে উঠেছে চায়ের দোকান। প্রায় ঢাকা পড়ে গেছে প্রতিষ্ঠানের মূল ফটক। ফটকে লাগানো কংক্রিটের সাইনবোর্ডে চোখ না পড়লে বোঝাই যায় না, এটি একটি সরকারি প্রতিষ্ঠান।
ফটকের দুই পাশে ছড়ানো-ছিটানো দোকানের আবর্জনা। নিরাপত্তারক্ষীরা জানান, দোকানিরা দোকানের নানা রকম বর্জ্য এখানে ফেলে রাখেন। মহাখালীর শহীদ তাজউদ্দীন আহমদ সরণিতে অবস্থিত জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পাশেই আছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট। এ স্থান থেকে সড়কের পূর্ব পাশে অগ্রণী ব্যাংক পর্যন্ত ফুটপাত দখল করে বসেছে ৭০টির বেশি স্থায়ী, অস্থায়ী ও ভ্রাম্যমাণ রকমারি দোকান। তার মধ্যে চায়ের দোকানই বেশি। আছে জামাকাপড়, কম্বল, ফলের দোকান ও নিম্নমানের খাবার হোটেল। প্রশস্ত ফুটপাতের দুই-তৃতীয়াংশের ওপরে দোকান গড়ে ওঠায় পথচারী চলাচলের জায়গা কমে গেছে। বাধ্য হয়ে লোকে রাস্তার ওপর দিয়ে চলাচল করছে।
ফলবিক্রেতা মোহাম্মদ জহির বলেন, ‘দোকান বসাই লাইনম্যানকে টাকা দিয়া। আমগো বইতে না দিলে তো আমরা বইতাম না। লোকজন যাওয়ার জন্য তো রাস্তা আছে, অনেকে দোকানের সামনে দিয়াও যায়।’
কয়েকজন ব্যবসায়ী জানান, ফুটপাতের অন্য বাজারগুলোর মতোই এখানেও লাইনম্যানকে টাকা দিলে দোকান বসানোর অনুমতি মেলে। দোকানের বরাদ্দ ও ভাড়ার টাকা নির্ভর করে ব্যবসার ধরন ও দোকানের আকারের ওপর। টাকা দিতে হয় দৈনিক। মাসিক চুক্তিতেও কেউ কেউ দোকান পান। তবে কেউ-ই লাইনম্যানের খোঁজ দিলেন না। দেখা যায়, পচা ফল, ফলের খোসা, হোটেল ও দোকানের আবর্জনা ফেলা হচ্ছে রাস্তায়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিলা হাসান বলেন, ‘ফুটপাতে দোকান। রাস্তায় রিকশা আর লেগুনার স্ট্যান্ড। যাব কই? ভিড়ের মধ্য দিয়েই চলাচল করি। আবর্জনা মাড়িয়ে পথটুকু পার হই।’
শহীদ তাজউদ্দীন আহমদ সরণির বাইতুল মাহফুজ জামে মসজিদের সামনে আছে একটি পদচারী-সেতু। এটির অবস্থা ভালো হলেও লোকজন তেমন ওঠেন না। সেতুর পূর্ব ও পশ্চিম পাশে সিঁড়ির নিচে গড়ে উঠেছে দোকান। চোখে পড়ে, পূর্ব পাশে সেতুতে ওঠার মুখেই একটি কাপড়ের দোকান। সেতুর নিচে গড়ে উঠেছে রিকশা আর লেগুনাস্ট্যান্ড। পূর্ব পাশে সেতুর নিচে একটি রিকশা চলাচলের লেন থাকলেও সেটির দখল নিয়েছেন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। কাপড়বিক্রেতা ওহিদুজ্জামান বলেন, ‘ফুটপাতে অন্যরা যেভাবে ব্যবসা করে, আমরাও সেভাবে ব্যবসা করি। কোনো অনুমতি লাগে না। দৈনিক টাকা দিই, দৈনিক দোকান বসাই।’
সরণির পূর্ব পাশের ফুটপাতজুড়ে গড়ে ওঠা এসব দোকানে সারা দিনই ভিড় থাকে। বিকেল ও রাতে বাড়ে ভ্রাম্যমাণ দোকানের সংখ্যা। খোলে সকাল ৯-১০টায়, বন্ধ হয় মধ্যরাতে। এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩ নম্বর অঞ্চলের মধ্যে আছে। বিষয়টি জানালে প্রতিষ্ঠানের সচিব নবীরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ফুটপাত ও সড়কের অবৈধ দখল-সম্পর্কিত বিষয়গুলো আমাদের সম্পত্তি বিভাগ দেখে। এ বিষয়ে সম্পত্তি বিভাগই সিদ্ধান্ত নেবে।