শেরপুর পৌরসভায় আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনে প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করে পৌরসভা নির্বাচনে জয় ছিনিয়ে নেওয়ার অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির প্রার্থী আবদুর রাজ্জাক আশীষ। তিনি গতকাল শনিবার শেরপুর শহরের খরমপুর এলাকায় জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত এ কে এম ছাইফুল ইসলামের বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
গত বুধবার অনুষ্ঠিত শেরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের গোলাম মোহাম্মদ কিবরিয়া জয়ী হয়েছেন।
প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করার অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল বলেন, নির্বাচনে প্রশাসনের ওপর প্রভাব বিস্তারের প্রশ্নই আসে না। আওয়ামী লীগের প্রার্থীর জনপ্রিয়তায় দিশেহারা হয়ে তিনি (আবদুর রাজ্জাক) মিথ্যাচার করছেন।
জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম বলেন, নির্বাচনে প্রশাসন সম্পূর্ণ প্রভাবমুক্ত হয়ে ও নিরপেক্ষভাবে কাজ করেছে। শুধু নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশনাবলি যথাযথভাবে পালন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আবদুর রাজ্জাক আশীষ বলেন, গত বুধবার অনুষ্ঠিত পৌর নির্বাচনে বিএনপির নিশ্চিত জয় ছিনিয়ে নেওয়ার জন্য জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ ও স্থানীয় সাংসদ আতিউর রহমান, সংরক্ষিত নারী আসনের সাংসদ ফাতেমাতুজ্জোহরা শ্যামলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পালসহ সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতারা পুলিশ ও প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করেন। এর অংশ হিসেবে নির্বাচনের দিন ১৩টি কেন্দ্রে পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় সরকারি দলের নেতা-কর্মীরা ভোটকক্ষ থেকে তাঁর (আবদুর রাজ্জাক) নির্বাচনী এজেন্টদের বের করে দেন এবং আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ব্যালট পেপারে সিল মারেন।
আবদুর রাজ্জাক বলেন, পুলিশ সরকারি দলের পক্ষ নিয়ে কাজ করেছে। এ ছাড়া ভোট গণনায় কারচুপি করা হয়েছে। ফল ঘোষণার পরপরই তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে আবার ভোট গণনার আবেদন জানিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা অঞ্জন চন্দ্র পাল বলেন, নির্বাচনী বিধিমালা অনুযায়ী ফল ঘোষণার পর আবার ভোট গণনার এখতিয়ার রিটার্নিং কর্মকর্তার নেই। তাই আবদুর রাজ্জাকের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।