প্রভাবশালীদের নির্যাতনে গৃহবধূ হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় স্থানীয় প্রভাবশালী কয়েক যুবকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূ (২৩) তাদের নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা গতকাল শুক্রবার নির্যাতনে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শহরে মানববন্ধন করেছে। বর্তমানে ওই গৃহবধূ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
চিকিৎসাধীন গৃহবধূ জানান, চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নে তাঁর বাড়ি। তাঁর স্বামী একজন কৃষক। গত মঙ্গলবার সন্ধ্যার পর তিনি ভাইয়ের বাড়িতে যান। ফেরার সময় এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে সহিদুল ইসলাম, মকবুল হোসেনের ছেলে মনজুরুল ইসলাম এবং মৃত খয়ের উদ্দিনের ছেলে রকিবুল ইসলাম তাঁকে জোর করে একটি পুকুরের পাশে গাছের সঙ্গে বেঁধে মুখে কাপড় গুঁজে দিয়ে মারধর করে। ওই তিনজন মিলে এসময় তাঁর শ্লীলতাহানি ঘটায়। পরে মুমূর্ষু হয়ে পড়লে যুবকেরা একটি সাদা কাগজে জোর করে তাঁর স্বাক্ষর নিয়ে মোটরসাইকেলে করে চলে যায়। পরে গৃহবধূর চিৎকারে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে।
গৃহবধূর স্বামী শুক্রবার জানান, যারা তাঁর স্ত্রীকে মারধর ও শ্লীলতাহানি করেছে স্থানীয়ভাবে তারা ভীষণ প্রভাবশালী। গত জানুয়ারি মাসে এই যুবকেরা তাঁর স্ত্রীকে কুপ্রস্তাব দিয়েছিল। বিষয়টি নিয়ে গ্রামে সালিস বৈঠক বসলে সেখানে মাতব্বররা উল্টো ওই পরিবারটিকে ছয় মাস একঘরে করে রাখা হয়। ১০ জুলাই গৃহবধূর বাবা পাড়ার মসজিদে নামাজ পড়তে গেলে সহিদুল, রকিবুলসহ সাত যুবক তাঁকে পিটিয়ে দুই পা ভেঙে দেয়। ওই ঘটনায় জড়িত যুবকদের বিরুদ্ধে মামলা করায় তাঁর স্ত্রীর এ পরিণতি হলো বলে ওই কৃষক কান্নায় ভেঙে পড়েন। এ ঘটনায় বুধবারই জড়িত ব্যক্তিদের নাম উল্লেখ করে তিন যুবকের বিরুদ্ধে চিরিরবন্দর থানায় মামলা করেন বলে জানান ভুক্তভোগী গৃহবধূর স্বামী।
গ্রাম্য সালিসে উপস্থিত থাকা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জালাল উদ্দিন গৃহবধূর পরিবারকে একঘরে করার কথা স্বীকার করেছেন। তবে বিষয়টি ঠিক হয়নি বলেও মত প্রকাশ করেন তিনি। ওই সালিসে নির্যাতনকারী তিন যুবকের মধ্যে দুজনের বাবা উপস্থিত ছিলেন বলে জানান তিনি।
হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসক সীমা বসাক জানান, রোগীকে অমানবিক নির্যাতন করা হয়েছে। শ্লীলতাহানির সঙ্গে সঙ্গে ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাতের চিহ্ন রয়েছে।
গৃহবধূকে নির্যাতনের প্রতিবাদে, অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বেলা ১১টায় শহরের চুড়িপট্টি সড়কে মানববন্ধন করে মহিলা পরিষদ। এতে মহিলা পরিষদের দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান ঘটনার জন্য পুলিশের অবহেলাকে দায়ী করে বলেন, দীর্ঘদিন ধরে পরিবারটি নির্যাতনের শিকার হলেও পুলিশ ভুক্তভোগী পরিবারটির নিরাপত্তা বিধান না করে উল্টো প্রভাবশালীদের পক্ষ নিয়েছে।
থানার ওসি আনিছুর রহমান জানান, মামলা হওয়ার পর আসামিরা গা-ঢাকা দিয়েছে।