প্রভাবশালীর রোষানল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাটকৈ গ্রামে গুঁড়িয়ে দেওয়া হামিদুলের বাড়ি। তিনি প্রায় ১০ বছর ধরে গ্রামের খাস খতিয়ানভুক্ত পাঁচ শতক জমিতে এ দুটি ঘর বানিয়ে বসবাস করে আসছিলেন l ছবি: প্রথম আলো
ভাটকৈ গ্রামে গুঁড়িয়ে দেওয়া হামিদুলের বাড়ি। তিনি প্রায় ১০ বছর ধরে গ্রামের খাস খতিয়ানভুক্ত পাঁচ শতক জমিতে এ দুটি ঘর বানিয়ে বসবাস করে আসছিলেন l ছবি: প্রথম আলো

নওগাঁর রানীনগর উপজেলার ভাটকৈ গ্রামের ভূমিহীন হামিদুল ইসলামের বসতঘর গতকাল মঙ্গলবার ভেঙে দিয়েছেন আলম হোসেন নামের এক প্রভাবশালী ব্যক্তি।
স্থানীয় সূত্রে জানা যায়, হামিদুল ইসলাম প্রায় ১০ বছর ধরে গ্রামের পৌঁওতা মৌজায় খাস খতিয়ানভুক্ত পুকুরপাড়ে পাঁচ শতক জায়গায় দুটি মাটির ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। দেড় বছর আগে তিনি ওই জায়গা পত্তনের জন্য রানীনগর ভূমি কার্যালয়ে আবেদন করেন। ওই গ্রামের প্রভাবশালী আলম হোসেন জায়গাটির মালিকানা দাবি করে বিভিন্নভাবে হয়রানি শুরু করেন। একপর্যায়ে ১৬ জুন রাতে ভূমিহীন হামিদুলের একটি খড়ের পালায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় হামিদুল পরের দিন আলম হোসেনসহ কয়েকজনের নামে থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে আলম হোসেন তাঁর দলবল নিয়ে হামিদুলের বাড়িতে হামলা চালিয়ে সবাইকে মারধর করে বসতঘর দুটি ভেঙে গুঁড়িয়ে দেন।
আলম হোসেন দাবি করেন, ‘আমি ওই জায়গা একজনের কাছ থেকে কিনে নিয়েছি। আমার জায়গা বেদখল থাকায় লোকজন নিয়ে ভেঙে দিয়েছি।’
রানীনগর থানার ওসি আবদুল্লাহ আল-মাসউদ চৌধুরী বলেন, অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।