নতুন কৌশলে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় রাজধানীর বিএএফ শাহীন কলেজ কেন্দ্রের পরীক্ষা কমিটি বাতিল করেছে ঢাকা শিক্ষা বোর্ড। ওই কলেজের অধ্যক্ষ মাহবুব জামান খানকে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন কমিটি গঠনের জন্য ঢাকা জেলা প্রশাসককে চিঠি দিয়েছে বোর্ড।
পাশাপাশি অধ্যক্ষ ও পরীক্ষা কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বোর্ডকে জানানোর জন্য কলেজের পরিচালনা কমিটির সভাপতিকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীকান্ত কুমার চন্দ। গতকাল এই চিঠি দেওয়া হয়। ঢাকা জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া বলেন, অধ্যক্ষকে বাদ দিয়ে গতকাল বিকেলে আরেকজন শিক্ষককে দিয়ে নতুন পরীক্ষা কমিটি গঠন করা হয়েছে।
অন্যদিকে ওই ঘটনায় হাতেনাতে ধরা পড়া বিএএফ শাহীন কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. কামরুজ্জামানকে গতকাল কারাগারে পাঠানো হয়েছে বলে জানান কাফরুল থানার ওসি আবদুল কাইয়ুম। কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। নতুন কৌশল হিসেবে এখন একশ্রেণির অসাধু শিক্ষক পরীক্ষা শুরুর এক-দুই ঘণ্টা আগে প্রশ্নপত্রের সিলগালা প্যাকেট খুলে তা বাইরে পাঠিয়ে দিচ্ছেন বলে কয়েকটি অভিযোগ পায় ঢাকা শিক্ষা বোর্ড। সর্বশেষ ঘটনাটি ঘটে গত রোববার বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে। পরীক্ষা শুরুর আগেভাগে প্রশ্নপত্র ফাঁস নিয়ে গতকাল প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।