প্রভাষকের বিচারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদ্রাসাছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক প্রভাষকের বিচারের দাবিতে গতকাল বুধবার মাদ্রাসার সামনে বিক্ষোভ মিছিল ও ওই প্রভাষকের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। এতে অংশ নেন উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা, সাতরশিয়া ও টোকনা গ্রামের মানুষ।
৫ এপ্রিল দুপুরে উপজেলার সাতরশিয়া এলাকায় ওই ছাত্রীর (দাখিল পরীক্ষার্থী) শ্লীলতাহানির সময় মাদ্রাসার প্রভাষককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন। পরে উভয় পক্ষের অভিভাবকের সম্মতিতে তাঁদের থানা থেকে ছাড়িয়ে আনা হয়। এ ছাড়া এ ঘটনায় তদন্তসাপেক্ষে গত শুক্রবার সকালে মাদ্রাসা পরিচালনা পর্ষদের জরুরি সভায় ওই প্রভাষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। একই সঙ্গে কেন স্থায়ীভাবে তাঁকে বরখাস্ত করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশ প্রাপ্তির এক সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। পরে উভয় পক্ষের অভিভাবকের সম্মতি ও উপস্থিতিতে তাঁদের ছেড়ে দেওয়া হয়।