চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের টেলিফোন লাইন ও বাথরুম সংস্কার, খাবারের মান বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে প্রভোস্টের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় এ ঘটনা ঘটে। গতকাল রাত সাড়ে ১১টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তালা খোলেননি আন্দোলনকারীরা।
শাহ আমানত হল সূত্র জানায়, ভোর সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক এস এম রাসেল সিদ্দিকীর নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা পাঁচ দফা দাবিতে প্রভোস্টের কক্ষে তালা ঝুলিয়ে দেন। এস এম রাসেল সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘আমি শাহ আমানত হলে আসন বরাদ্দ পাওয়ার পর তিন বছর ধরে এই হলে আছি। তিন বছর ধরে দেখছি, হলটির অধিকাংশ কক্ষের দরজা-জানালা ভাঙা, বাথরুমও ব্যবহারযোগ্য নয়। বিশুদ্ধ খাওয়ার পানি নেই।’ তিনি বলেন, ‘আজ (গতকাল) ভোরে আমি বাইক দুর্ঘটনায় সামান্য আহত হয়ে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করতে গিয়ে দেখি হলের টেলিফোন লাইনও নষ্ট। পরে আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রভোস্টের কক্ষে তালা ঝুলিয়ে দিই। প্রভোস্ট হল সংস্কারের আশ্বাস না দিলে তালা খোলা হবে না।’
শাহ আমানত হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর বলেন, ‘কারা কী কারণে তালা দিয়েছেন, তা জানি না। যাঁরা তালা দিয়েছেন, তাঁরা আমার সঙ্গে এখনো যোগাযোগ করেননি। তাঁরা যোগাযোগ না করলে আমি কী করে আশ্বাস দেব।’