প্রয়াত মেয়র লোকমান হোসেনের সমাধিতে ভাঙচুর
নরসিংদীর প্রয়াত পৌর মেয়র লোকমান হোসেনের সমাধি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। লোকমানের পরিবারের অভিযোগ, হত্যা মামলার আসামিরা এ ঘটনা ঘটিয়েছেন। শহরের শালিধা এলাকায় কবরস্থানে গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
লোকমানের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে কে বা কারা ওই সমাধিস্থলে ভাঙচুর করে। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে গতকাল বুধবার সকালে লোকমানের পরিবারের সদস্যরা সমাধিস্থলে যান। পরে জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, পুলিশ সুপার আমেনা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বীর আহমেদ, পৌর মেয়র কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
মেয়র বলেন, ‘এটা লোকমান হত্যা মামলার আসামিরাই করেছে বলে আমি মনে করছি। কারণ, তারা ছাড়া আর কেউ এ ধরনের ঘটনা ঘটাতে পারে না।’ হঠাৎ আসামিরা কেন সমাধিস্থল ভাঙচুর করবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা পুলিশ তদন্ত করে বের করবে।
নাম প্রকাশ না করার শর্তে লোকমান হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামি বলেন, সামনে পৌর নির্বাচন। তা ছাড়া আর এক মাস পরে লোকমানের মৃত্যুবার্ষিকী। এ সময় কোনো কারণ ছাড়াই লোকমানের কবর ভাঙচুর রহস্যজনক।
সদর মডেল থানার ওসি কে এম আবুল কাসেম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
২০১১ সালের ১ নভেম্বর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুর্বৃত্তের গুলিতে তৎকালীন পৌর মেয়র লোকমান হোসেন নিহত হন।