প্রযুক্তির জালে ৪৫ জন
পরীক্ষা শুরু হতে না হতেই প্রশ্নপত্রের সবগুলো সেট চলে যায় জালিয়াত চক্রের হাতে। তারা দ্রুত উত্তর তৈরি করে। এরপর খুদে বার্তার মাধ্যমে সেই উত্তর পাঠিয়ে দেয় পরীক্ষার হলে বসে থাকা শিক্ষার্থীদের কাছে। এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতি করার অভিযোগে ৩২ পরীক্ষার্থী, এক শিক্ষকসহ ৪৫ জনকে আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার দুটি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার সময় ২৩টি কেন্দ্র ও রাজধানীর বিভিন্ন স্থান থেকে জালিয়াত চক্রের সদস্যদের আটক করা হয়। এঁদের মধ্যে আট শিক্ষার্থীসহ ২১ জনকে আটক করে র্যা ব। ১৭ জনকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাতজনকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটকের তালিকায় পাঁচ নারী শিক্ষার্থীও আছেন। র্যা ব বৃহস্পতিবার মধ্যরাত থেকে গতকাল দুপুর পর্যন্ত ১২ ঘণ্টার অভিযানে তাঁদের আটক করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী প্রথম আলোকে বলেন, অভিযুক্ত পরীক্ষার্থীরা মুঠোফোনের মাধ্যমে খুদে বার্তা পাঠিয়ে ও ফোন করে উত্তর জানার চেষ্টা করেছিলেন। তাঁদের নয়টি থানায় দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে মামলা করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা গতকাল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। ক্যাম্পাসসহ রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের ৯৭টি কেন্দ্রে এক লাখ পাঁচ হাজার ৫১৬ জন পরীক্ষার্থী অংশ নেন। এই ইউনিটে আসনসংখ্যা এক হাজার ৪১৬। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৫৪০টি আসনের বিপরীতে গতকাল ৬৫ হাজার ৯৮৩ জন পরীক্ষায় অংশ নেন।
চারটি কেন্দ্র ও বিভিন্ন স্থান থেকে আটক করা ২১ জনকে নিয়ে গতকাল বিকেলে র্যা ব সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। র্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান অভিযানের আদ্যোপান্ত তুলে ধরেন। র্যা ব কর্মকর্তারা জানান, এ ধরনের জালিয়াতির জন্য ২৫টি দল আছে বলে তাঁরা জানতে পেরেছেন।
র্যা বের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান প্রথম আলোকে বলেন, প্রযুক্তির মাধ্যমে পুরো চক্রটিকে শনাক্ত করা হয়েছে। এ-সংক্রান্ত তথ্য পাওয়ার পর বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়। এরপর র্যা বকে সহযোগিতা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
র্যা ব কর্মকর্তারা জানান, আটক ব্যক্তিরা এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের প্রশ্নপত্র পরীক্ষা শুরুর আগ মুহূর্তে ফাঁস করেন। পরীক্ষার্থীদের কাছে খুদে বার্তার মাধ্যমে উত্তরও পাঠিয়েছিলেন। সর্বশেষ ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সময় তাঁরা দেড় শ ছাত্রছাত্রীর কাছ থেকে জনপ্রতি দেড় লাখ টাকা করে আদায় করেন। চারটি দল এ কাজ করে। প্রথম দলের কাজ ছিল বিভিন্ন সূত্র থেকে শিক্ষার্থী জোগাড় করা। দ্বিতীয় দল পরীক্ষা শুরুর আগেই শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সদস্য ছাড়াও শিক্ষক, পিয়ন, দারোয়ান বা আয়াদের সঙ্গে যোগাযোগ করে। তাদের তালিকাভুক্ত শিক্ষার্থীকে যেন পেছনের সারিতে বসতে দেওয়া হয়, সে বিষয়টি নিশ্চিত করা এ দলের কাজ। সেই শিক্ষার্থীকে পরীক্ষার সময় মুঠোফোন নিয়ে হলে প্রবেশ করার সুযোগও করে দেওয়া হয়। কোন শিক্ষক কোন কক্ষে দায়িত্ব পালন করবেন, তা এই দলটির সঙ্গে পরামর্শ করে ঠিক করা হয়। এ দলের সাংকেতিক নাম ‘হল সেটআপ গ্রুপ’।
এই দলটি পরীক্ষার ঠিক আগ মুহূর্তে প্রশ্ন সংগ্রহ করে। সংগ্রহ করা প্রশ্নপত্রটি তৃতীয় গ্রুপের কাছে চলে যায়। এ দলে থাকে তিন থেকে চারজন। এরা দ্রুত এসব প্রশ্নের সমাধান বের করে। তাদের সাংকেতিক নাম ‘সলভার’। বিভিন্ন কোচিং সেন্টারের শিক্ষকেরা এ দলে থাকেন।
চতুর্থ দলটি পরীক্ষার্থীর ফোন নম্বর সংরক্ষণ করে। এরপর যার যে প্রশ্নের উত্তর দরকার, তার কাছে সেই প্রশ্নের উত্তর খুদে বার্তার মাধ্যমে পাঠিয়ে দেয়। পরীক্ষার আগের রাতেই পরীক্ষার্থীদের কাছে একটি গোপন মুঠোফোন নম্বর পাঠিয়ে দেয় চক্রটি। পরীক্ষার্থীদের প্রতি নির্দেশনা থাকে, তাঁরা যেন প্রশ্ন পাওয়া মাত্র কে কোন সেট পেয়েছেন, তা এসএমএস করে সেই গোপন নম্বরে জানিয়ে দেন। পরীক্ষার সময় কক্ষে বসে শিক্ষার্থী খুদে বার্তার জন্য অপেক্ষা করতে থাকেন। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই উত্তর আসতে থাকে।
র্যা ব জানায়, আটক হওয়া যুবকদের জিজ্ঞাসাবাদে তাঁরা জানতে পারেন, জামিল খান মিতুল নামের এক যুবক প্রশ্নপত্র ফাঁসের কাজটি করেন। তিনি শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের সমাজকর্ম বিভাগের ছাত্র। জামিল খান প্রথম আলোকে বলেন, আনোয়ারা স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির একজন সাবেক সদস্যের মাধ্যমে তিনি এ কাজ করেন। এই সদস্যের ছোট ভাই জুবায়ের আহমেদও র্যা বের হাতে ধরা পড়েছেন। জুবায়ের প্রথম আলোকে বলেন, তিনি আনোয়ারা স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক। তাঁর কাজ হলো হল ‘সেটআপ করা’। পছন্দের শিক্ষককে তিনি নির্ধারিত কক্ষে দায়িত্ব পালনের ব্যবস্থা করে দেন। এ জন্য ছাত্রপ্রতি তিনি ১৫ থেকে ২০ হাজার টাকা করে পান।
আটক ব্যক্তিদের মধ্যে শুক্কুর আলী ওরফে নীরব হলেন ‘সলভার’। তিনি প্রথম আলোকে বলেন, পরীক্ষার সময় দ্রুত প্রশ্নের সমাধান করে দেন তিনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিভাগে পড়াশোনা করেন এবং কোচিং সেন্টারেও পড়ান তিনি।
আটক আরেকজন এফ কে এম খালেদুর রহমান বলেন, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে সম্মান শ্রেণিতে পড়েন। তাঁর কাজ হলো প্রশ্নের সমাধানগুলো দ্রুত পরীক্ষার্থীদের কাছে খুদে বার্তার মাধ্যমে পাঠিয়ে দেওয়া। তিনি জানান, ফিরতি খুদে বার্তা পাওয়ার পরই তিনি শিক্ষার্থীদের একটি তালিকা তৈরি করেন। কে কোন সেট প্রশ্ন পেয়েছেন, তা জেনে নিয়ে সে অনুযায়ী প্রত্যেকের কাছে খুদে বার্তা পাঠিয়ে দেন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শ্রীকান্ত ভদ্রের কাজ হলো ব্যবস্থাপনা। একই সঙ্গে পরীক্ষার্থীদের যাবতীয় বিষয় তিনি রেজিস্টারে লিখে রাখেন। পরীক্ষার্থীদের নাম, রোল, মুঠোফোন নম্বর এবং কার মাধ্যমে এসেছেন, তার হিসাব তিনি সংরক্ষণ করেন।
পরীক্ষার্থী সংগ্রহের কাজ করেন মোজাম্মেল হক ওরফে লেনিন। সোনালী ব্যাংক সদরঘাট করপোরেট শাখার এই কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত। তবে প্রথম আলোর কাছে দাবি করেন, ছাত্রজীবন শেষ হওয়ার পর তিনি আর ছাত্রলীগ করেন না। ঘ ইউনিটের পরীক্ষায় ছয়জন ছাত্র তিনি জোগাড় করেন বলে জানান। তাঁর মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাসের ছাত্র মীর রেজওয়ান মাহমুদ, প্রাক্তন ছাত্র আবুল বাশার এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ছাত্র রাহুল বিশ্বাস পরীক্ষার্থী সংগ্রহের কাজ করেন। প্রথম আলোর কাছে তাঁরা এসব স্বীকারও করেন।
র্যা ব জানায়, আটক হওয়া জসিম উদ্দিন অন্য একটি চক্রের প্রধান হোতা। এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ফাঁস করেন। আটক কাজী শামীম হাবীব লন্ডন থেকে এমবিএ করেছেন। তিনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের মো. সুমন মিয়া আরেকটি চক্রের সঙ্গে জড়িত।
র্যা ব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তিনজন, শেরেবাংলা নগর বালক উচ্চবিদ্যালয় থেকে তিনজন, সরকারি ল্যাবরেটরি উচ্চবিদ্যালয় থেকে তিনজন, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে দুজন, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে দুজন, মিরপুরের আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট থেকে দুজন, বেগম বদরুন্নেছা মহিলা কলেজ থেকে দুজন, লালবাগ মডেল স্কুল, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও মডেল স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ, টিকাটুলী সেন্ট্রাল মহিলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ এবং মোহাম্মদপুর সেন্ট্রাল কলেজ কেন্দ্র থেকে একজন করে শিক্ষার্থীকে আটক করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আটক তিন পরীক্ষার্থীর সঙ্গে প্রক্টর কার্যালয়ে প্রথম আলোর কথা হয়। এক ছাত্রী বলেন, সাখাওয়াত নামে তাঁর এক বন্ধু গত বছর জালিয়াতি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তাঁর মাধ্যমেই পরিচয় হন দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমদাদের সঙ্গে। ইমদাদ তাঁকে সাড়ে তিন লাখ টাকার বিনিময়ে ভর্তি করে দেওয়ার আশ্বাস দেন। কথা প্রসঙ্গে তিনি বলেন, ভর্তি পরীক্ষার আসন যে কেন্দ্রে থাকবে, সেই কলেজের অধ্যক্ষ বা কর্তব্যরত পরিদর্শকের সঙ্গে ওই চক্রের চুক্তি আছে। এক লাখ টাকার ওই চুক্তির মাধ্যমে পরীক্ষার্থীকে মুঠোফোন নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়। পরে মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে উত্তর সরবরাহ করে ওই চক্র।
আরেকজন ছাত্রী জানান, ফেসবুকের মাধ্যমে তিনি জালিয়াত চক্রের একজন সদস্যের মুঠোফোন নম্বর পান। পরে তাঁর সঙ্গে যোগাযোগ করে একইভাবে জালিয়াতি করতে গেলে তিনি ধরা পড়েন। আটক হওয়া এক ছাত্র জানান, একটি চক্রের সঙ্গে তাঁর দুই লাখ টাকায় মুঠোফোনে উত্তর সরবরাহ করার চুক্তি হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে আরও তিন পরীক্ষার্থীর খাতা বাতিল করা হবে। এঁরা অসাধু চক্রের মাধ্যমে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদের (ঘ ইউনিট) ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। গতকাল বিকেলে পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে তাঁদের আটক করা হয়। এঁদের মধ্যে পাঁচজনের মুঠোফোনে ভর্তি পরীক্ষার প্রশ্নের উত্তর পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নূর মোহাম্মাদ বলেন, আটক শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা বাতিল করে থানায় সোপর্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।