বাগেরহাটের মংলা উপজেলায় কলেজছাত্রী ইয়াসমিন বীথির আত্মহত্যায় প্ররোচনাকারীকে এক মাসেও আটক করতে পারেনি পুলিশ। বীথির পরিবারের অভিযোগ, আসামিপক্ষ প্রভাবশালীদের দিয়ে প্রতিনিয়ত মামলা উঠিয়ে নিয়ে মীমাংসা করতে চাপ দিচ্ছে।
পরিবার ও পুলিশ জানায়, মংলা শহরের মাদ্রাসা রোড এলাকার মোশারেফের মেয়ে বীথি এ বছর মংলা কলেজ থেকে এইচএসসি পাস করেন। তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন শহরের আনোয়ার ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী আনোয়ারের ছেলে হাসান। একপর্যায়ে বীথির সঙ্গে হাসানের শারীরিক সম্পর্ক হয়। এতে বীথি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি হাসানকে জানিয়ে তাঁকে বিয়ে করার জন্য চাপ দেন বীথি। হাসান বিয়ে করতে অস্বীকৃতি জানান। পরে বীথি তাঁর বান্ধবীদের নিয়ে ঘটনাটি হাসানের মায়ের কাছে জানান। বীথিকে হাসানের মা অপমান করে বের করে দেন। গত ২৩ সেপ্টেম্বর রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বীথি।
বীথির বোন ফাতেমা বেগম বলেন, ‘আত্মহত্যার আগে বীথি একটি চিরকুটে লিখে গিয়েছিলেন, তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ও তাঁর মৃত্যুর জন্য প্রেমিক হাসানই দায়ী। ওই ঘটনায় তিনি ২৪ সেপ্টেম্বর হাসানের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন।