প্ররোচনার অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর মতিহার থানার শাহাপুরে সপ্তম শ্রেণির দুই স্কুলছাত্রীর এক ঘরে আত্মহত্যার ঘটনায় গতকাল বৃহস্পতিবার মামলা হয়েছে। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মতিহার থানায় মামলা দুটি দায়ের করেন আত্মহত্যাকারী ছাত্রী শম্পার মা শরিফা বেগম ও বন্যার বাবা নাজমুল ইসলাম।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলার তথ্য নিশ্চিত করে বলেন, শরিফা বেগমের দায়ের করা মামলায় শাহাপুর এলাকার সেকেন্দার আলীর ছেলে বিপ্লব হোসেনকে গতকালই গ্রেপ্তার করেছে পুলিশ। অপর মামলার আসামি মুন্নাকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

গত মঙ্গলবার বিকেলে শাহাপুর গ্রামের সপ্তম শ্রেণির ছাত্রী উম্মে মারিয়া শম্পা ও তামিমা খাতুন বন্যা এক ঘরে আত্মহত্যা করে। বুধবার তাদের ময়নাতদন্ত শেষে বিকেলে দাফন সম্পন্ন করা হয়।

শম্পার মা শরিফা বেগম এজাহারে উল্লেখ করেন, বিপ্লব নানাভাবে ফুসলিয়ে শম্পার সঙ্গে প্রেম করে। বিপ্লব মাস্টারের প্ররোচনার কারণেই শম্পা আত্মহত্যা করেছে। তাই মৃত্যুর আগে শম্পার হাতে কলম দিয়ে বিপ্লব নাম লেখা ছিল।

অপর মামলার বাদী বন্যার বাবা নাজমুল ইসলাম তাঁর এজাহারে অভিযোগ করেছেন, ওই এলাকার কাদের মোল্লার ছেলে মুন্না তাঁর মেয়েকে রাস্তাঘাটে প্রায়ই উত্ত্যক্ত করত। এ কারণেই তাঁর মেয়ে আত্মহত্যা করেছে।