প্ররোচনার অভিযোগে মামলা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় প্রেমিকের প্রতারণার শিকার হয়ে সালমা আক্তার (২২) নামের এক তরুণীর আত্মহত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে সালমার বাবা নূরুল ইসলাম বাদী হয়ে ইব্রাহিম মালকে প্রধান আসামি করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলাটি করেন।
পুলিশ মামলার এজাহারভুক্ত দুই আসামি ইব্রাহিমের বাবা আলতাফ হোসেন মাল ও চাচা ইউসুফ মালকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দ সূত্রে জানা গেছে, উপজেলার চরণী পত্তাশী গ্রামের নূরুল ইসলামের মেয়ে সালমা আক্তারের (২২) সঙ্গে পার্শ্ববর্তী রামচন্দ্রপুর গ্রামের কাপড় ব্যবসায়ী ইব্রাহিম মালের (২৮) প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ইব্রাহিম ওই মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। সম্প্রতি ইব্রাহিম অন্য এক মেয়েকে বিয়ে করেন। বিয়ের খবর পেয়ে সালমা ইব্রাহিমের বিরুদ্ধে তাঁর বাবা, চাচা ও ভাইয়ের কাছে এ ব্যাপারে নালিশ করেন।
কিন্তু তাঁরা বিষয়টি মীমাংসা না করে সালমাকে কটূক্তি করেন। এতে অপমানিত বোধ করে সালমা কীটনাশক পানে আত্মহত্যা করেন।
জিয়ানগরের ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক প্রথম আলোেক বলেন, সালমাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা নেওয়া হয়েছে। ইব্রাহিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গতকাল বুধবার প্রথম আলোয় ‘জিয়ানগরে প্রতারণার শিকার তরুণীর আত্মহত্যা’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।