রাজধানীর খিলগাঁও থানা এলাকায় স্কুলছাত্রী উম্মে কুলসুম রিতুর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে জিয়াদ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার রাত সাড়ে আটটার দিকে খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ ভূঁইয়া প্রথম আলোকে বেলেন, ‘জিয়াদ রিতু হত্যা মামলার মূল আসামি শিমুল চন্দ্রের বন্ধু। রিতুকে উত্ত্যক্তকারীদের মধ্যে সে-ও একজন। যদিও তার নাম মামলার এজাহারে নেই, তবুও অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
গত শনিবার খিলগাঁও থানার নন্দীপাড়ার ছোট বটতলার বাসায় কীটনাশক পান করে স্থানীয় ইস্ট পয়েন্ট এডুকেশন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী কুলসুম। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত নয়টার দিকে মারা যায় সে। পরিবার ও শিক্ষকেরা জানান, শিমুল নামের স্থানীয় এক বখাটে ও তাঁর বন্ধুদের উত্পাতের কারণে কুলসুম আত্মহত্যা করেছে। শনিবার সন্ধ্যায় দুই দফা শিমুল কয়েকজন বন্ধুকে নিয়ে কুলসুমের বাসায় যায়। কুলসুমকে তারা অকথ্য ভাষায় গালিগালাজ ও অপমানসূচক কথা বলে। একপর্যায়ে বাসার দরজা বন্ধ করে বিষপান করে কুলসুম। শিক্ষকেরা জানান, প্রায় সময় শিমুল কুলসুমকে উত্ত্যক্ত করত। শিমুলের পরিবারকেও বিষয়টি জানানো হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি।
ঘটনার পর কুলসুমের মা সাথী আক্তার বাদী হয়ে শিমুল, তাঁর মা-বাবসহ পাঁচজনের নাম উল্লেখ করে খিলগাঁও থানায় একটি মামলা করেন। তবে ঘটনার পর থেকেই এলাকাছাড়া শিমুল ও তার পরিবার।