প্রলেপ দিয়ে স্বর্ণ পাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রলি ব্যাগের বাইরে স্বর্ণদণ্ডের ওপর সাদা প্রলেপ দিয়ে স্বর্ণ পাচারের চেষ্টা করেছিলেন দুবাইফেরত যাত্রী মোহাম্মদ মাসুদ। কাস্টমস কর্মকর্তাদের ফাঁকি দিতে এমন কৌশল নিয়েও শেষ রক্ষা হয়নি।

আজ বুধবার সকালে ওই যাত্রীর ব্যাগ পরীক্ষা করে প্রায় ৯৫০ গ্রাম ওজনের স্বর্ণদণ্ড জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। সাদা প্রলেপ ছাড়া স্বর্ণদণ্ডের পরিমাণ প্রায় ৯২০ গ্রাম। এর বাজারমূল্য আনুমানিক ৩৫ লাখ ৮৩ হাজার টাকা।

বিমানবন্দরে নিয়োজিত কাস্টমসের সহকারী কমিশনার মো. তানভীর আহমেদ প্রথম আলোকে বলেন, ফাঁকি দিতে অভিনব কৌশল বেছে নিয়েছিল ওই যাত্রী। তবে সন্দেহ হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা করে তা জব্দ করা হয়েছে। আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কাস্টমস কর্মকর্তারা জানান, সকাল সাড়ে ১০টায় একটি উড়োজাহাজে করে ওই যাত্রী বিমানবন্দরে অবতরণ করেন। তাঁর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় উত্তর রাঙ্গামাটিয়ায়। তিনি পেশায় কাঠমিস্ত্রি। দুবাইয়ে কর্মরত ওসমান নামের এক বাংলাদেশি তাঁকে এই স্বর্ণ পাচারের দায়িত্ব দিয়েছিলেন বলে কাস্টমস কর্মকর্তাদের জানিয়েছেন তিনি।

এর আগে ২২ নভেম্বর ট্রলি ব্যাগের ভেতরে পারদের প্রলেপ দিয়ে স্বর্ণ পাচারের সময় সাড়ে তিন কেজি ওজনের স্বর্ণদণ্ড জব্দ করেছিলেন কাস্টমস কর্মকর্তারা।