বান্দরবান জেলা শহরের রাজার মাঠ। গতকাল শনিবার বিকেল সাড়ে তিনটায় শুরু হলো জেলা ছাত্রলীগের সম্মেলন। সম্মেলনের শুরুতে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈচিং বললেন, ছাত্রলীগের বান্দরবানের নেতা-কর্মীরা একে অপরের মতের প্রতি শ্রদ্ধাশীল। তাঁরা অত্যন্ত ভদ্র, নম্র ও সুশৃঙ্খল।
প্রতিমন্ত্রীর এমন প্রশংসায় ভাসার কিছুক্ষণের মধ্যেই সংঘর্ষে জড়ালেন ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীরা। প্রতিমন্ত্রী ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের সামনে দুই দফা সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হন। তাঁদের মধ্যে একজনকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংগঠন সূত্র ও প্রত্যক্ষদর্শীরা এ কথা জানিয়েছেন।
সূত্র জানায়, জেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুর রহমান রাশেদ ও সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরীর পক্ষের সঙ্গে বান্দরবান কলেজ শাখার সভাপতি আহসানুল আলম রুমু ও সাংগঠনিক সম্পাদক বাপ্পি মজুমদারের পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।
সংগঠন সূত্র জানায়, নতুন কমিটিতে তাঁদের কাউকে রাখা হচ্ছে না—এ খবরে রুমু-বাপ্পি পক্ষ সম্মেলনস্থলে রাশেদ-সঞ্জয় পক্ষের ওপর হামলা চালায়। তারা প্রতিপক্ষের দিকে চেয়ার ছুড়ে মারে। এ সময় পাল্টাপাল্টি চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী এ সময় সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানান। কমিটি নিয়ে কারও কোনো বক্তব্য থাকলে তা লিখিতভাবে জানাতে বলেন তিনি। পরে রুমু-বাপ্পি পক্ষ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতির কাছে তাঁদের লিখিত অভিযোগ জমা দিয়ে সম্মেলনস্থল ছেড়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কমিটি ঘোষণা ছাড়াই সন্ধ্যার আগে সম্মেলন শেষ হয়।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহমুদুল হায়দার চৌধুরী প্রমুখ।
আহসানুল আলম বলেন, তিনি সভাপতি প্রার্থী। কিন্তু গঠনতন্ত্রের তোয়াক্কা না করে নিয়মিত ছাত্রদের বাদ দিয়ে রাশেদ-সঞ্জয় পক্ষের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজাউল করিমকে সভাপতি করা হচ্ছে। এ জন্য তাঁরা আপত্তি করেছেন। তাঁর দাবি, তাঁরা হামলা করেননি।
এ ব্যাপারে বক্তব্য জানতে তৌহিদুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে সংযোগ কেটে দেন। পরে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। সঞ্জয় চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনিও ফোন ধরেননি।
ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ বলেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।