সাবেক তিন প্রশাসকের পর এবার অর্থের সংস্থান ব্যতিরেকে উন্নয়ন প্রকল্প গ্রহণে অনিয়মের বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে। এ অনিয়মে তাঁদের দায় নির্ধারণের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির প্রধান করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সিরাজুল ইসলামকে। কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সাবেক তিন প্রশাসকের সময় প্রায় ৩০০ কোটি টাকার আর্থিক অনিয়মের বিষয়ে নিশ্চিত হয়েছে। কমিটি তিন প্রশাসকের অনিয়ম বিষয়ে প্রতিবেদন জমা দিয়েছে গত সপ্তাহে। ওই প্রতিবেদনে তাঁদের অনিয়মের জন্য দায়ী করা হয়। এই তিন কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি।
অভিযুক্ত তিন কর্মকর্তা বর্তমানে সরকারের তিন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তাঁরা হলেন ঢাকার বিভাগীয় কমিশনার জিল্লার রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইব্রাহীম হোসেন খান ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নজরুল ইসলাম।
ওই সময় প্রশাসকদের একজন বলেছিলেন, ‘আমরা শুধু দায়িত্ব একাই পালন করিনি। আমাদের সঙ্গে প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশল বিভাগের কর্মকর্তারাও ছিলেন।’
স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা যায়, তহবিল না থাকলেও কয়েক শ কোটি টাকার আগাম প্রকল্প গ্রহণ করে কয়েকজন প্রশাসক, প্রকৌশলীর বিরুদ্ধে মোটা অঙ্কের কমিশন নেওয়ার অভিযোগ ওঠে। এমনকি করপোরেশনের আয় ক্রমাগত কমলেও প্রশাসকদের সময় খরচ বেড়ে যায়। দক্ষিণ সিটি করপোরেশনে অনিয়ম বেশি। সেখানে প্রায় ২০০ কোটি টাকার আগাম প্রকল্প নেওয়া হয়। কাজ না করে বিল নেওয়া, রাস্তা ঠিক থাকলেও খারাপ দেখিয়ে প্রকল্প নেওয়ার মতো ঘটনা ঘটেছে। প্রশাসকেরা দক্ষিণ সিটি করপোরেশনে ঠিকাদারদের বিল প্রায় ৩৫০ কোটি টাকা বকেয়া রেখে যান। প্রশাসক ও প্রকৌশলীদের অনেকেই কমিশন হিসেবে কোটি কোটি টাকা উপার্জন করেছেন। নির্দিষ্ট সময়ের আগেই প্রকল্প নিয়ে দরপত্র আহ্বান বা কার্যাদেশ দিয়ে কমিশনের টাকা নিয়েছেন তাঁরা।