নরসিংদীর বেলাব উপজেলার বারৈচায় বাসস্ট্যান্ড জামে মসজিদ এলাকায় পুলিশের গুলিতে একজন নিহত হওয়ার ঘটনায় জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন শেষে ওই কমিটি দুটি গঠন করেন।
এদিকে গতকাল সকালে নরসিংদী জেলা হাসপাতালে লাশটি শনাক্ত করেন স্ত্রী আছমা বেগম। নিহত ওই ব্যক্তির নাম সেলিম মিয়া (৪০)। তিনি রায়পুরা উপজেলার লোচনপুরা এলাকার হাফিজ উদ্দিনের ছেলে। পেশায় রিকশাচালক।
গত রোববার বারৈচা বাসস্ট্যান্ড জামে মসজিদে তাবলিগ জামাতের লোকদের অবস্থান করতে না দেওয়ার ঘটনায় ইমাম আলী আকবরকে আটক করে পুলিশ। এর প্রতিবাদে স্থানীয় ব্যক্তিরা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোড়ে। এ ঘটনায় একজন নিহত ও ২০ জন আহত হন।
পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকাবাসীর সম্মিলিত সিদ্ধান্তে বারৈচা বাসস্ট্যান্ড জামে মসজিদে তাবলিগ জামাতের লোকদের অবস্থান করতে দেওয়া হয় না। তবে রোববার দুপুরে তাবলিগের ২০-২৫ জন লোক ওই মসজিদে যান। এ সময় মসজিদের ইমাম আলী আকবর এলাকাবাসীর সিদ্ধান্তের কথা তাঁদের জানান। কিন্তু তাঁরা এলাকাবাসীর সিদ্ধান্ত উপেক্ষা করে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত মসজিদে অবস্থান করেন। এ সময় মসজিদের ইমাম পুনরায় তাঁদের মসজিদ ত্যাগ করার কথা বললে তাবলিগের লোকজন জেলা পুলিশ সুপার (এসপি) শেখ রফিকুল ইসলামকে ঘটনাটি জানান। এরপর এসপি পুলিশ পাঠিয়ে আলী আকবরকে আটক করান। এ পরিস্থিতিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটার পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে কমপক্ষে ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নরসিংদী জেলা হাসপাতালসহ ভৈরবের বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে সেলিম মিয়া মারা যান। গতকাল সকালে নরসিংদী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে সেলিমের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সাংসদ নুরুল মজিদ মাহমুদ, পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম, জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান ও পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম। পরিদর্শন শেষে জেলা প্রশাসন থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেনকে প্রধান করে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা) মোখলেসুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ প্রশাসন।
সাংসদ নুরুল মজিদ মাহমুদ বলেন, ‘যেহেতু তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তাই মন্তব্য না করাই ভালো। তবে ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।’ ডিআইজি শফিকুল ইসলাম বলেন, ঘটনাটির তদন্ত করা হবে। ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।