কক্সবাজার পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. খোরশেদ আলমকে পিটিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর জাবেদ মোহাম্মদ কায়সার ওরফে নোবেল। তিনি ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। গতকাল মঙ্গলবার দুপুরে পৌরসভা ভবনে এ ঘটনা ঘটে।
ঘটনার প্রতিবাদে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি শুরু করেছেন। এর আগে পৌরসভার দুই সচিবকে পিটিয়েছেন এই কাউন্সিলর।
পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, কয়েক দিন আগে কাউন্সিলর নোবেল তাঁর কক্ষে দায়িত্বপ্রাপ্ত অফিস সহকারীকে সরিয়ে অন্য একজনকে নিয়োগ দেওয়ার জন্য বলেন। তাঁর কথা মতোই নিয়োগ দেওয়া হয়েছে। তারপরও মঙ্গলবার তিনি অতর্কিতভাবে তাঁকে মারধর করেন।
এ প্রসঙ্গে পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী বলেন, ঘটনা সত্য। এর আগেও কাউন্সিলর নোবেলের হাতে অনেকে লাঞ্ছিত হয়েছেন। তাঁর (নোবলের) জন্য পৌরসভার কার্যক্রম ব্যাহত হচ্ছে।
পৌরসভা সূত্র জানায়, এর আগে কাউন্সিলর নোবেল পৌরসভার সচিব রাসেল চৌধুরীকে মারধর করেন। তাঁর হুমকি ও মারধরের শিকার হয়ে পৌরসভা ছেড়েছেন সাবেক সচিব মো. শাসছুদ্দিনও। সচিব মো. শাসছুদ্দিন বাদী হয়ে নোবেলের বিরুদ্ধে মামলা করেছিলেন কক্সবাজার সদর মডেল থানায়। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।
এ প্রসঙ্গে জানার জন্য একাধিকবার চেষ্টা করেও কাউন্সিলর নোবেলের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর মুঠোফোন নম্বরে ফোন করা হলে ধরেন ছৈয়দ নামে এক ব্যক্তি। তিনি নোবেলের ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে বলেন, কাউন্সিলর কথা বলতে পারবেন না।