প্রশাসনিক পদ থেকে ৩৫ শিক্ষকের পদত্যাগ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩৫ জন শিক্ষক প্রশাসনিক বিভিন্ন পদ থেকে পদত্যাগ করেছেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের সরকার-সমর্থক শিক্ষকদের একাংশ বলে পরিচিত।
আজ সোমবার বেলা ১১টার দিকে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ ফোরামের ওই ৩৫ জন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে নিজেদের পদত্যাগপত্র জমা দেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও পদত্যাগকারী শিক্ষক সূত্রে জানা গেছে, ওই ৩৫ জন শিক্ষক মোট ৩৭টি প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর, পাঁচটি আবাসিক হলের প্রভোস্ট, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, একটি ইনস্টিটিউটের পরিচালকও রয়েছেন।
পদত্যাগকারী শিক্ষকেরা তাঁদের পদত্যাগপত্রে ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতে দায়িত্ব পালন করতে সম্মানিত বোধ করছেন না’ বলে উল্লেখ করেছেন।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, আশা করি ওই শিক্ষকেরা তাঁদের পদত্যাগের সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে কাজে যোগ দেবেন। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে তাঁরা সহযোগিতা করবেন।
বিশ্ববিদ্যালয়ে সরকার-সমর্থক শিক্ষকদের দুটি পক্ষ রয়েছে। একটি ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’, অন্যটি ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’।