প্রশাসনের আশ্বাসে অন্যদের পরীক্ষা দিতে দিল বহিষ্কৃত ছাত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা ছাত্রলীগের কর্মী মোফাজ্জেল হায়দার হোসাইন ওরফে টাইগার মোফার বাধার কারণে পরপর দুবার পণ্ড হয়ে যায় চারুকলা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের পরীক্ষা। শেষ পর্যন্ত গতকাল রোববার এই বর্ষের পরীক্ষা শুরু হয়েছে। তবে এ জন্য মোফাজ্জেলকে পরের ব্যাচের সঙ্গে বিশেষ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার মৌখিক আশ্বাস দিতে বাধ্য হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে তাঁকে তৃতীয় বর্ষে ক্লাস করারও আশ্বাস দেওয়া হয়েছে।
মোফাজ্জেল হায়দার প্রথম আলোকে বলেন, ‘আমাকে পরিবারসহ ডাকা হয়েছে। প্রশাসন আশ্বস্ত করেছে, আমার ছাত্রত্ব ও বর্ষ ড্রপ যাবে না। বহিষ্কারাদেশ বহাল থাকার কারণে দ্বিতীয় বর্ষের সঙ্গে পরীক্ষা দিতে পারছি না। তবে পরের ব্যাচের (২০১৪-১৫) সঙ্গে বিশেষ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ এবং মূল ব্যাচের সঙ্গে তৃতীয় বর্ষে ক্লাসে অংশ নেওয়ার ব্যাপারে কর্তৃপক্ষ মৌখিক আশ্বাস দিয়েছে।’ প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় বর্ষের পরীক্ষা গতকাল সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে চারুকলা ইনস্টিটিউটের পরিচালক নাসিমা আখতার প্রথম আলোকে বলেন, ‘আমরা তাঁকে (মোফাজ্জেল) কোনো আশ্বাস দিইনি। আর আমরা তাঁকে শাস্তিও দিইনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিয়েছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে আমাদের বলা হয়েছে, আপনারা পরীক্ষা নিতে পারবেন। সব মিটমাট হয়েছে। আমরা পরীক্ষা নিয়েছি।’ তিনি এ বিষয়ে প্রক্টরের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বাধ্য হওয়ার প্রশ্নই ওঠে না। তাঁকে (মোফাজ্জেল) তো এবার পরীক্ষা দিতে দিচ্ছি না। আমরা একজন ছাত্রকে মৌখিকভাবে আশ্বাস দিতেই পারি। তবে তাঁকে দ্বিতীয় বর্ষে পরীক্ষা দেওয়ার বিষয়ে লিখিত কোনো প্রতিশ্রুতি দিইনি। আর বহিষ্কারাদেশের মেয়াদ শেষ হলে স্বাভাবিক প্রক্রিয়ায় সে তার শিক্ষা কার্যক্রম চালাতে পারবে।’
এদিকে দুই দফা পেছানোর পর পরীক্ষা শুরু হওয়ায় পরীক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
মোফাজ্জেলসহ ছাত্রলীগের সিক্সটি নাইন পক্ষের কর্মীদের বাধার কারণে ৪ ও ৭ এপ্রিল চারুকলা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারেনি।

গত বছরের ২ নভেম্বর ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় মোফাজ্জেল হায়দার হোসাইন ওরফে টাইগার মোফার রামদাতে শাণ দেওয়ার ছবি পরের দিন প্রথম আলোয় প্রকাশিত হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে এক বছরের জন্য বহিষ্কার করে। এ কারণে তিনি চারুকলা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের পরীক্ষা দেওয়ার অনুমতি পাননি।