প্রশাসনের উদাসীনতায় বারবার হামলা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঠ-মন্দিরে হামলার আশঙ্কার কথা প্রশাসনকে জানানোর পরও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও হবিগঞ্জের মাধবপুরে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। প্রশাসনের গাফিলতির কারণে এই হামলা ঘটে বলে নেতাদের অভিযোগ।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও হবিগঞ্জের মাধবপুরে বিভিন্ন মঠ-মন্দিরে হামলার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে এ অভিযোগ করা হয়। গতকাল শুক্রবার সকালে নগরের প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন সংহতি জানিয়ে বক্তব্য দেন।
আনোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল একটি স্বপ্ন নিয়ে। এখানে সব ধর্মের লোকের শান্তিতে বসবাসের কথা ছিল। কিন্তু ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলা নিন্দনীয়। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। প্রশাসনের কারও গাফিলতি থাকলে তাদের ছাড় না
দিতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশে ঐক্য পরিষদের নেতারা বলেন, হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাঙা হলো, তাঁদের ঘরে আগুন দেওয়া হলো আর মন্ত্রী ছায়েদুল হক উল্টো কটাক্ষ করলেন। মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান নেতারা। তাঁরা বলেন, প্রশাসন সচেষ্ট হলে সন্ত্রাসী হামলা এড়ানো সম্ভব হতো। কিন্তু প্রথমবার হামলার পর আবারও হামলা চালানো হলো। এটা প্রশাসনের ব্যর্থতা। তাঁরা অভিযোগ করেন, কিছু প্রশাসনিক কর্মকর্তার উদাসীনতায় সাম্প্রদায়িক সন্ত্রাসীরা প্রশ্রয় পাচ্ছে। এটি কোনোভাবেই কাম্য হতে পারে না।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগর সভাপতি পরিমল কান্তি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য ইন্দু নন্দন দত্ত ও সুভাষ চন্দ্র লালা, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শ্যামল কুমার পালিত, ঐক্য পরিষদের নগর শাখার সাধারণ সম্পাদক নিতাই প্রসাদ ঘোষ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, ঐক্য পরিষদের চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সম্পাদক প্রদীপ কুমার চৌধুরী, সাইফুদ্দিন বাহার, জসিম উদ্দিন, দোলন মজুমদার, বিজয় কুমার বড়ুয়া, রুবেল পাল, ধীলন ধর, অনুপম চক্রবর্তী প্রমুখ।