প্রশাসনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞা সত্ত্বেও ইলিশের প্রজনন মৌসুমে আড়তদারদের প্ররোচনায় জেলেরা ডিমওয়ালা ইলিশ ধরেছেন। অথচ প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেনি বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে আজ বুধবার দিবাগত রাতে মা ইলিশ শিকারে ১০ দিনের নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হচ্ছে।
গতকাল মঙ্গলবার ভোরে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের কাঠিরমাথা মেঘনা নদীর তীরের মাছঘাটে দেখা যায়, বজলু ব্যাপারীর আড়তের সামনের বাক্সে ইলিশ ফেলে দালাল (আড়তদারের লোক) নিলাম ডাকছে। সারা রাত জেলেরা ওই ডিমওয়ালা ইলিশ শিকার করেছেন। উপজেলার বিভিন্ন স্থান থেকে গাড়িতে আসা ক্রেতারা ডাক তুলছিলেন। ঘাটে আইন প্রয়োগকারী সংস্থার কাউকে দেখা যায়নি। কাঠিরমাথা ছাড়াও গুড়ামিয়ারহাট, ইলিশা কালুমিয়ার হাট, ভাংতির খাল, বিশ্বরোড, তালতলা ঘাটেও একই দৃশ্য চোখে পড়ে।
জেলেদের ভাষ্য, প্রজনন মৌসুমে সাগরের মোহনার চেয়ে নদীতে জেলেদের জালে বেশি ডিমওয়ালা ইলিশ ধরা পড়ছে। কারণ, এ সময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ ডিম ছাড়ার জন্য নদীতে চলে আসে। রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থাকা প্রভাবশালী আড়তদারের দাদনভুক্ত জেলেরা এ সুযোগে ইলিশ শিকার করেছেন। তাঁরা ডিম ছাড়তে আসা ৫০-৬০ ভাগ ইলিশ ধরেছেন। ওই ইলিশ সাধারণ মানুষের তুলনায় বেশি কিনেছে সরকারের কর্মকর্তা-কর্মচারী ও প্রভাবশালী ব্যক্তিরা। অনেক আড়তদার ইলিশ কিনে মাঝের চরে হোগলা বনে বরফ দিয়ে মজুত করেছেন, মৌসুম শেষ হলে বিক্রি করবেন।
অন্যদিকে মাছ শিকার করা কয়েকজন জেলে বলেন, সরকার থেকে আসা সাহায্য-সহযোগিতা তাঁরা পাচ্ছেন না। এ কারণে অভাবে পড়ে নদীতে নামতে বাধ্য হচ্ছেন।
গত সোমবার ভোরে কাঠিরমাথা মাছঘাটে আড়তদারের তিনজন লোককে নিলাম ডাকার সময় পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) দুই সদস্য তাঁদের আটক করে ছেড়ে দেয়। এ সময় স্থানীয় লোকজন পুলিশকে ঘিরে ফেলেন। তবে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ অভিযোগ অস্বীকার করেছেন।
জেলা প্রশাসক সেলিম রেজা, পুলিশ সুপার মনিরুজ্জামান, কোস্টগার্ড কর্মকর্তা তামিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার শিকদার ও জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিশ কুমার মল্লিক দাবি করেছেন, মা ইলিশের ডিম ছাড়ার পরিবেশ তৈরিতে তাঁদের অভিযান ৮০-৯০ ভাগ সফল। এ অভিযানে ২০৬ জন জেলেকে বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়েছে। জরিমানা করা হয়েছে ছয় লাখ টাকা। এ ছাড়া কয়েক কোটি টাকার জাল-মাছ জব্দ করা হয়।
ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, নাজিউর রহমান ডিিগ্র কলেজের সাবেক অধ্যক্ষ এম ফারুকুর রহমানসহ অনেকে বলেন, ইলিশ প্রজনন মৌসুমের উদ্দেশ্য সফল করার জন্য চাই আন্তরিক প্রচেষ্টা। সেটি প্রশাসন ও আইন প্রয়োগকারীদের মধ্যে নেই। ফলে সরকারের প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে।