প্রশাসনের হস্তক্ষেপে ঘর ও জমি ফিরে পেলেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাকে বাড়ি থেকে তাড়ালেন ছেলে’ শিরোনামে একটি সংবাদ ৯ আগস্ট প্রথম আলোয় প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে স্বামীর ঘর ফিরে পান ওই মা এবং লিখে নেওয়া জমি ফেরত দিতে লিখিত দেন ছেলে।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, বরিশালের গৌরনদী উপজেলার নাজিরপুর শংকরপাশা গ্রামে রেনুয়া বেগমের (৭৫) স্বামী সেকান্দার সরদার ১০ বছর আগে মারা যান। এরপর তিনি ছেলে নুরুজ্জামানের (৪৫) সঙ্গে স্বামীর রেখে যাওয়া ঘরে বসবাস করছিলেন। রেনুয়া বেগম অভিযোগ করেন, নুরুজ্জামান সরদার কয়েক বছর আগে কৌশলে তাঁর দেড় বিঘা সম্পত্তি নিজের নামে লিখে নেন। একই সঙ্গে হাতিয়ে নেন তাঁর গচ্ছিত ৩০ হাজার টাকা।
এ খবর প্রথম আলোয় প্রকাশের পর গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ আহম্মেদ মা রেনুয়া বেগমকে তাঁর নিকটাত্মীয় সেরজান হাওলাদারের বাড়ি থেকে উদ্ধার করে গৌরনদী উপজেলার নাজিরপুর শংকরপাশা গ্রামে স্বামীর ভিটায় নিয়ে যান। সেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অভিযোগের সত্যতা পান।
ইউএনও শরিফ আহম্মেদ বলেন, নুরুজ্জামান তাঁর মার কাছে পা ধরে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা করেন এবং আর কোনো দিন মাকে কষ্ট দেবেন না—এই মর্মে মুচলেকা দেন। আগামী তিন দিনের মধ্যে মায়ের কাছ থেকে লিখে নেওয়া সম্পত্তি সাফকবলা দলিলের মাধ্যমে ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়।
নুরুজ্জামান বলেন, ‘আমার ভুল হয়েছিল। আর কোনো দিন মাকে কষ্ট দেব না।’