প্রশাসনের 'সহযোগিতায়' উঠলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১০ মাস বন্ধ থাকার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত ছাত্রাবাস গতকাল বুধবার সকালে খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এই ছাত্রাবাসে সাধারণ কোনো শিক্ষার্থী উঠতে পারেননি প্রথম দিনে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় ওই ছাত্রাবাসে উঠেছেন শাখা ছাত্রলীগের সাতটি পক্ষের নেতা-কর্মীরা। এই সাতটি পক্ষ ছাত্রাবাসের প্রায় ১১৫টি কক্ষ নিজেদের দখলে নিয়েছে।
এর মধ্যে ছয়টি পক্ষ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। অন্য পক্ষটি নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী বলে ক্যাম্পাসে পরিচিত।
বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় ছাত্রাবাস এই শাহ আমানত হলটি বিজ্ঞান ও আইন অনুষদের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ছিল এত দিন ধরে। তবে অনুসন্ধানে দেখা গেছে, ছাত্রাবাসে ওঠা ছাত্রলীগের নেতা-কর্মীদের অধিকাংশই এই দুই অনুষদের ছাত্র নন।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও কেন্দ্রীয় আসন বরাদ্দ কমিটির সদস্যসচিব সিরাজ উদ দৌল্লাহ প্রথম আলোকে বলেন, ‘হল প্রশাসন ছাত্রদের জন্য শাহ আমানত হল খুলে দিয়েছে। তবে কক্ষ বরাদ্দ কারা কারা পেয়েছে, সে সম্পর্কে হল কর্তৃপক্ষই ভালো জানবে।’
শাহ আমানত ছাত্রাবাসের প্রাধ্যক্ষ মোহাম্মদ আবুল মনসুর প্রথম আলোকে বলেন, ‘আমরা যেভাবে তালিকা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের ছাত্রাবাসে তুলতে চেয়েছি, সেভাবে তুলতে পারিনি। মূলত ছাত্রলীগের ছেলেরা ছাত্রাবাসে উঠেছে। তবে কতজন শিক্ষার্থী ছাত্রাবাসে উঠেছে, তা এখন বলতে পারছি না, হিসাব করে বলতে হবে।’
মহিউদ্দিন চৌধুরী ও নাছির উদ্দিনের দুই পক্ষের নেতারা ১৫০ জন ছাত্রের জন্য খাওয়ার অর্ডার দিতে বলেছেন বলেও জানিয়েছেন প্রাধ্যক্ষ।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ১০টায় শাহ আমানত ছাত্রাবাস খুলে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর পর থেকে নাছির উদ্দিনের অনুসারীদের পাঁচটি পক্ষের নেতা-কর্মীরা ছাত্রাবাসে ওঠেন। এই পাঁচটি পক্ষ হলো ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন, একাকার, কনকর্ড, এপিটাফ ও বাংলার মুখ। এর মধ্যে সিক্সটি নাইন ১৫টি ও বাকি পাঁচটি পক্ষ ১০টি করে কক্ষ নিয়েছে।
অন্যদিকে বেলা পৌনে তিনটার দিকে ছাত্রাবাসে উঠতে যান এত দিন ধরে ক্যাম্পাসে বিতাড়িত সিএফসি (চুজ ফ্রেন্ডস উয়িথ কেয়ার) ও ক্যাম্পাস ছাত্রলীগ পক্ষের প্রায় ১৭০ জন নেতা-কর্মী। এ সময় ভিএক্স (ভার্সিটি এক্সপ্রেস) পক্ষের নেতা-কর্মীরা ছাত্রাবাসের সামনে অবস্থান নিয়ে কিছুক্ষণ পর পর চিৎকার ও চেঁচামেচি করতে থাকেন। পরে সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগ পক্ষের নেতা-কর্মীরা ছাত্রাবাসের ভেতরে ঢুকে গেলে তাঁরা শান্ত হন। এই পক্ষটি ৫০টি রুম নিজেরা থাকার জন্য নিয়েছে বলে জানিয়েছে।
আ জ ম নাছির উদ্দিনের অনুসারী ও সিক্সটি নাইন পক্ষের নেতা আলমগীর টিপু প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন পর শাহ আমানত ছাত্রাবাস খুলেছে। ওই ছাত্রাবাসের বৈধ শিক্ষার্থীরাসহ যাঁরা প্রগতিশীল মানসিকতার কিন্তু অন্যান্য ছাত্রাবাসে থাকতে পারছেন না, তাঁরাই ওই ছাত্রাবাসে উঠেছেন।’
কনকর্ড পক্ষের নেতা আবদুল মালেক বলেন, ‘বৈধ শিক্ষার্থী হিসেবে আমরা নাছির ভাইয়ের অনুসারীরা ৬০টি কক্ষ বরাদ্দ পেয়েছি। আমাদের পক্ষের নেতারা বসে কক্ষগুলো ভাগ করে নিয়েছি।’
অন্যদিকে মহিউদ্দিন চৌধুরীর অনুসারী এবং সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগ পক্ষের নেতা অমিত কুমার বসু বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়ম মেনে বৈধ শিক্ষার্থীরা ছাত্রাবাসে উঠেছেন। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আমরা।’
চলতি বছরের ১২ জানুয়ারি শাহ আমানত ছাত্রাবাসের ভেতরে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে ছাত্রশিবিরের এক নেতা নিহত হন। এর জের ধরে ওই দিনই ছাত্রাবাস বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।