প্রশিক্ষকের বিরুদ্ধে অশোভন আচরণসহ অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) প্রশিক্ষকের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণসহ অনিয়মের অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে ১১৭টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছেন।
ওই কর্মকর্তার নাম আবু সাঈদ মো. রমজান আলী। এর আগেও তাঁর বিরুদ্ধে উপজেলা শিক্ষা কর্মকর্তা রুনা লায়লার কাছে একই অভিযোগ করা হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা শিক্ষা কর্মকর্তার কাছে সুপারিশ পাঠান।
শিক্ষকদের লিখিত অভিযোগে বলা হয়, প্রশিক্ষক আবু সাঈদ মো. রমজান আলী দীর্ঘদিন ধরে শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছেন। ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়ায় এত দিন তাঁর বিরুদ্ধে কেউ অভিযোগ করেননি। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ধরে রাখতে অবিলম্বে তাঁকে বদলি করা দরকার।
অভিযোগকারী কয়েকজন শিক্ষক বলেন, ওই কর্মকর্তা নিজের ইচ্ছা অনুযায়ী একই প্রতিষ্ঠান বা শিক্ষককে বারবার প্রশিক্ষণের সুযোগ করে দেন। বিভিন্ন অজুহাতে তিনি শিক্ষকদের কাছ থেকে চাঁদা আদায় করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবু সাঈদ মো. রমজান আলী এ ব্যাপারে কোনো কথা বলেননি। তবে তিনি বলেন, ‘শিক্ষকদের সঙ্গে আমার কথা হয়েছে। আমি অন্যত্র বদলি হওয়ার চেষ্টা করছি।’